আব্দুল্লাহ আল মামুন।। রাজধানীর যাত্রাবাড়ি এলাকা থেকে বিপুল পরিমানে মাদকসহ মো. রাজন (৪২) ও মো. সুক্কুর আলী ওরফে সোহেল (২৩) নামের দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-১০। এ সময় তাদের দখল হতে আনুমানিক ১৮ লক্ষ ৯০ হাজার টাকা মূল্যের ৪৭০ বোতল ফেনসিডিল ও ১৬ কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে বলে র্যাব সূত্র জানায়।
সূত্র জানায়, ২৯ মে সোমবার সকালে র্যাব-১০ এর একটি আভিযানিক দল মাদক বিষয়ে তাদের নিয়মিত কাজের অংশ হিসেবে রাজধানীর যাত্রাবাড়ি থানাধীন রায়েরবাগ এলাকায় অভিযান পরিচালনা করে মাদক কারবারি রাজন ও সুক্কুরকে আটক করে। এ সময় তাদের নিকট থেকে উল্লেখিত পরিমান মাদক ছাড়াও মাদক পরিবহনে ব্যবহৃত ১ টি প্রাইভেটকার, ২ টি মোবাইল ফোনসেট ও নগদ পাঁচশত টাকা জব্দ করা হয়। র্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, তারা পেশাদার মাদক ব্যবসায়ী। তারা বেশ কিছুদিন যাবত দেশের বিভিন্ন সীমান্তবর্তী এলাকা হতে ফেন্সিডিল ও গাঁজাসহ অন্যান্য মাদকদ্রব্য সংগ্রহ করে প্রাইভেট কারযোগে ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় সরবরাহ করে আসছিল।