আব্দুল্লাহ আল মামুন (ঢাকা ব্যুরো প্রধান): বহুল আলোচিত পটুয়াখালীর গলাচিপায় চাঞ্চল্যকর ৬০ বছরের বৃদ্ধাকে ধর্ষণ মামলার এজাহারভুক্ত একমাত্র পলাতক আসামী মো. শহীদুল হাওলাদারকে (৩৫) গ্রেফতার করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-১০। গত ৭ জুন, বুধবার রাজধানী ঢাকার যাত্রাবাড়ি থানাধীন বিবির বাগিচা এলাকা থেকে তাকে আটক করা হয়। সে পটুয়াখালী জেলার গলাচিপা থানাধীন চর বিশ্বাস গ্রামের ইউসুফ হাওলাদারের পুত্র বলে জানা যায়।
সূত্রে জানা যায় যে, গত ২৪ এপ্রিল রাতে পটুয়াখালী জেলার গলাচিপা উপজেলার চর বিশ্বাস ইউনিয়নের ১ নং ওয়ার্ডে এই ধর্ষণের ঘটনা ঘটে। এ ঘটনায় ২৫ এপ্রিল গলাচিপা থানায় ওই নারীর (ভিকটিম) ছেলে বাদী হয়ে অভিযোগ করলে থানা পুলিশ তদন্ত সাপেক্ষে ৩ মে মামলাটি নথিভুক্ত করে। যার মামলা নম্বর- ০৪, তাং- ০৩/০৫/২০২৩ খ্রিঃ।
ঘটনার বিবরণে ধর্ষণের শিকার ওই নারীর সৎ ছেলে রহমত উল্লাহ বলেন, নির্যাতনের শিকার ওই নারী তার বাবার প্রথম স্ত্রী। বাবা মারা যাওয়ার পর ওই নারী একজন পালিত ছেলে নিয়ে নিজ বসতঘরে বসবাস করে আসছিলেন। গত ২৪ এপ্রিল রাতে তিনি (ভুক্তভোগী) বাড়িতে একা থাকায় রাত আনুমানিক ১ টার দিকে পাশের বাড়ির শহিদুল হাওলাদার তার ঘরের জানালা ভেঙ্গে প্রবেশ করে তাকে ধর্ষণ করে। এ সময় ভিকটিম চিৎকার দিলে আশেপাশের ঘরের লোকজন এগিয়ে আসেন। পরে শহিদুল হাওলাদার ঘরের পেছনের দরজা দিয়ে পালিয়ে যায়। ধর্ষণের ফলে ভুক্তভোগীর রক্তক্ষরণ শুরু হলে প্রথমে গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং পরে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে তাকে চিকিৎসার জন্য ভর্তি করা হয়।
র্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামী উক্ত ঘটনার সাথে তার সম্পৃক্ততার কথা স্বীকার করেছে। সে নিজেকে আইনের হাত থেকে বাঁচানোর জন্য বেশ কিছুদিন যাবত দেশের বিভিন্ন এলাকায় আত্মগোপন করেছিল বলে জানায়। তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলে র্যাব সূত্র জানায়।