কাওছার আহমদ, কুলাউড়া (মৌলভীবাজার) প্রতিনিধিঃ
মৌলভীবাজার জেলার কুলাউড়ার সর্ববৃহৎ মার্কেট মিলিপ্লাজার দুটি মোবাইল দোকান চুরির সাথে জড়িত এক জনকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।
বৃহস্পতিবার (১৬ জুন) রাতে থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুছ ছালেকের নেতৃত্বে পুলিশ পরিদর্শক (তদন্ত) রতন চন্দ্র দেবনাথ, এসআই অপু কুমার দাশ গুপ্ত, এএসআই মোঃ তাজুল ইসলামসহ পুলিশের একটি দল বিশেষ অভিযান পরিচালনা করে শ্রীমঙ্গল রেলস্টেশন এলাকা থেকে মামুন মিয়া নামে এক চোরকে গ্রেপ্তার করা হয়।
মামুন শ্রীমঙ্গল উপজেলার কালিঘাট এলাকার বাসিন্দা মৃত লিয়াকত আলীর ছেলে।
মামুন পুলিশের কাছে জিজ্ঞাসাবাদে জানায়, বানিয়াচং এবং কুমিল্লা মুরাদনগর থানা এলাকার অন্যান্য মোবাইল চোরদের সাথে নিয়ে গত ১ জুন সকালে কুলাউড়ার মিলিপ্লাজা মার্কেটের দুটি মোবাইল দোকানের তালা ভেঙ্গে তারা মোবাইল ফোন চুরি করেছে।
কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আব্দুছ ছালেক বলেন, গ্রেপ্তারকৃত আসামীকে শুক্রবার সকালে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। আসামীর বিরুদ্ধে শ্রীমঙ্গল, শায়েস্তাগঞ্জ, কুমিল্লা লাকসাম, কুলাউড়াসহ বিভিন্ন থানা এলাকায় ডাকাতি এবং মোবাইল চুরির ৭-৮ টি মামলা রয়েছে।
মিলিপ্লাজায় চুরির সাথে জড়িত অন্য আসামীদের গ্রেপ্তারে পুলিশী অভিযান অব্যাহত রয়েছে।
উল্লেখ্য, গত ১ জুন সকালে শহরের মিলি প্লাজার ২য় তলায় অবস্থিত দুটি মোবাইলের দোকান জুনেদ টেলিকম ও আপন টেলিকম নামের ব্যবসা প্রতিষ্ঠানের তালা ভেঙ্গে প্রায় কয়েক লাখ টাকার স্মার্টফোনসহ মূল্যবান পণ্য চুরি করে নিয়ে যায় ৫/৬ জনের সংঘবদ্ধ চক্র।