কক্সবাজারের টেকনাফে বিজিবির অভিযানে ৩ লাখ ৮০ হাজার ইয়াবা উদ্ধার।
Date: 2023-06-17
মঈনুদ্দীন শাহীন কক্সবাজার।।
কক্সবাজারের টেকনাফে বিজিবি'র বিশেষ অভিযানে ৩ লাখ ৮০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। (১৫ই জুন) রাতে বিজিবি'র টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি) গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, সাবরাং বিওপি’র দায়িত্বপূর্ণ আশিকানিয়া নামক এলাকা দিয়ে মাদকের একটি বড় চালান মায়ানমার হতে বাংলাদেশে প্রবেশ করতে পারে।
প্রাপ্ত তথ্যের ভিত্তিতে ব্যাটালিয়ন সদর হতে উপ-অধিনায়কের নেতৃত্বে বিজিবি'র একটি বিশেষ টহলদল এবং সাবরাং বিওপি হতে অপর একটি টহলদল উল্যেখিত এলাকায় কয়েকটি উপদলে বিভক্ত হয়ে কৌশলে অবস্থান নেয়। ঘটনাস্থলে আনুমানিক ভোর ৪ টার দিকে টহলদল ৩ জন ব্যক্তিকে বস্তা মাথায় নিয়ে নাফ নদী পার হয়ে সীমান্তের শূণ্য লাইন হতে আনুমানিক ৫০০ মিটার বাংলাদেশের অভ্যন্তরে আশিকানিয়া লবন মাঠের দিকে আসতে দেখে। উক্ত ব্যক্তিদের সন্দেহজনক গতিবিধি পরিলক্ষিত হওয়ায় টহলদল তাদেরকে চ্যালেঞ্জ করলে বিজিবি টহলদলের উপস্থিতি অনুধাবন করা মাত্রই তাদের মাথায় থাকা বস্তাগুলো ফেলে দিয়ে রাতের অন্ধকারের দ্রুত সটকে পড়ে।
পরবর্তীতে টহলদল উল্লেখিত স্থানে পোঁছে তল্লাশী অভিযান চালিয়ে ৩টি প্লাষ্টিকের বস্তার ভেতর থেকে ৩ লাখ ৮০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করতে সক্ষম হয়। বিজিবি টহলদল কর্তৃক উক্ত এলাকায় ১৬ ই জুন সকাল ৫ টা পর্যন্ত অভিযান চালালেও কোন চোরাকারবারীকে আটক করা সম্ভব হয়নি। তবে চোরাকারবারীদের সনাক্ত করতে অত্র ব্যাটালিয়নের গোয়েন্দা তৎপরতা চলমান রয়েছে বলে জানিয়েছেন বিজিবি।