আল আমীন, শেরপুর প্রতিনিধি।।
বাংলা নিউজ টুয়েন্টি ফোর এর জামালপুর ও ৭১ টিভি বক্সিগঞ্জ প্রতিনিধি সাংবাদিক গোলাম রব্বানী নাদিম কে নৃশংসভাবে হত্যার প্রতিবাদে দোষিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন করেছে নালিতাবাড়ীর সাংবাদিকরা।
শনিবার দুপুরে প্রেসক্লাব নালিতাবাড়ীর আয়োজনে উপজেলা পরিষদের সন্মুখ সড়কে এই মানববন্ধন করা হয়। এ সময় প্রেসক্লাবের নেতৃবৃন্দ নাদিম হত্যার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে হত্যাকারীদের দ্রুত দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন। একই সাথে বিগত সময়ে ঘটে যে সকল সাংবাদিক হত্যা হয়েছে তাদের বিচারও দাবি করা হয় মানববন্ধনে।
জামালপুরের বক্সিগঞ্জ সাধুরপাড়া ইউপি চেয়ারম্যান মাহমুদুল আলম বাবুর নির্দেশে তার ক্যাডাররা নাদিমের উপর হামলা চালায়। আহতাবস্থায় ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে বৃহস্পতিবার দুপুরে নাদিমের মৃত্যু ঘটে। পুলিশ ইউপি চেয়ারম্যান সহ ১০ জন আসামীকে গ্রেফতার করেছে।
প্রেসক্লাবের সভাপতি আব্দুল মান্নান সোহেল এর সভাপতিত্বে এ সময় বক্তব্য রাখেন-সিনিয়র সাংবাদিক এমএ হাকাম হীরা, সামেদুল ইসলাম তালূকদার, টিআইবির সভাপতি সদরুল ইসলাম মাসুম, প্রেসক্লাব সম্পাদক মনিরুল ইসলাম, সাংবাদিক বিপ্লব দে কেটু, মঞ্জুরুল আহসান, মাহফুজুর রহমান,আব্দুল মোমেন, হারুন অর রশিদ, অভিজিৎ সাহা, মাধ্যমিক শিক্ষক সমিতির সম্পাদক মশিউর রহমান, প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি মাসুদ কবির, সম্পাদক ফরিদ আহমেদসহ অন্যান্যরা।