শেরপুরে বৈদ্যুতিক খুঁটির চাপায় প্রাণ হারায় এক শ্রমিক।

Date: 2023-06-23
news-banner



আল আমীন, শেরপুর প্রতিনিধি 

শেরপুরের নালিতাবাড়ীতে ঠিকাদারী প্রতিষ্ঠানের অসাবধানতা ও অপরিকল্পিতভাবে শ্রমিক দিয়ে বৈদ্যুতিক খুঁটি স্থানান্তরের সময় খুঁটির নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই প্রাণ হারায় এক শ্রমিক। আহত হয় কয়েকজন। পুলিশ বৃহস্পতিবার সন্ধ্যায় হাসপাতালের বারান্দা থেকে ওই শ্রমিকের লাশ উদ্ধার করেছে। থানায় অপমৃত্যুর মামলা হয়েছে।

জামালপুর জেলা সদরের শ্রীরামপুর রঘুনাথপুর এলাকার মৃত মফিজ উদ্দীনের পুত্র ফিরুজ আলী(৫২) অন্যান্য শ্রমিকের সাথে বৃহস্পতিবার সকাল ১১ টায় নালিতাবাড়ী পৌরশহরের গরুহাট সংলগ্ন পিডিবি’র আওতাধীন এমআরএম ইন্টারন্যাশনাল নামে একটি ঠিকাদারী প্রতিষ্ঠানের সংরক্ষিত বৈদ্যুতিক খুটি স্থানান্তরের কাজ করছিল। কোনো বিশেষ পদ্ধতি বা যন্ত্র ব্যবহার না করে ঠিকাদার শ্রমিক দিয়েই এসব খুঁটি সরানোর কাজ করছিল। তাছাড়া শ্রমিকদের হাত, পায়ে গ্লাবস ও বিশেষ জুতা ছিলনা। মাথায় ছিল না হেলমেট। শ্রমিকদের শরীরে ছিল না কোনো সুরক্ষার পোশাক। ১৭ নম্বর খুঁটিটি স্থানান্তরের সময় হঠাৎ ফিরুজ ওই খুঁটির নিচে চাপা পড়ে। ঘটনাস্থলেই তার মৃত্যু ঘটে।  ফিরুজকে উদ্ধার করে সকাল সারে ১১ টায় নালিতাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

হাসপাতালের দায়িত্বরত মেডিক্যাল অফিসার ডাক্তার জুহায়ের আফতাব তৌহিদ বলেন- ফিরুজকে মৃত অবস্থায় হাসপাতালে নিয়ে আসে। তার বাম পা উরুতে একেবারে ভেঙ্গে গিয়েছে।

নালিতাবাড়ী থানার অফিসার ইনচার্জ এমদাদুল হক বলেন-থানায় ফিরুজ আলীর দুর্ঘটনাজনিত অপমৃত্যুর একটি মামলা করেছে তার ভাই দুলাল উদ্দীন মন্ডল। পুলিশ লাশ উদ্ধার করেছে। এ ঘটনার তদন্তকাজ অব্যাহত রয়েছে।

এদিকে ফিরুজ আলীর দুর্ঘটনাজনিত মৃত্যুর ব্যাপারে জামালপুরের ঠিকাদারী প্রতিষ্ঠান এমআরএম ইন্টারন্যাশনাল এর পক্ষে দায়িত্বপ্রাপ্ত হুমায়ুন সহ কিছু লোকজন আসলেও তারা ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি।

Leave Your Comments