ভারতে সড়ক সংস্কারের জন্য নাকুগাঁও স্থলবন্দরে আমদানি কার্যক্রম বন্ধ

Date: 2023-07-11
news-banner



আল আমীন, শেরপুর প্রতিনিধি 
 
শেরপুরের নালিতাবাড়ী উপজেলার নাকুগাঁও স্থলবন্দরটির ভারত অংশে সড়ক সংস্কারের জন্য ভারত ও ভুটান থেকে পণ্য আমদানি কার্যক্রম সাময়িকভাবে বন্ধ ঘোষণা করেছে ভারতের রপ্তানিকারকরা। রোববার (৯ জুলাই) নাকুগাঁও স্থলবন্দর আমদানি রপ্তানিকারক সমিতি কর্তৃপক্ষ বিষয়টি নিশ্চিত করেন।

সুত্র জানায়, বাংলাদেশের সঙ্গে  ভারতীয় মেঘালয় রাজ্যের তুরা জেলার ডালু এলাকার সড়কটি সংস্কারের জন্য পণ্য আমদানি কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়। এ সড়ক দিয়ে ভারত ও ভুটান থেকে ট্রাকে পাথর আমদানি করা হতো বাংলাদেশে। চলতি বর্ষায় ওই সড়ক ক্ষতিগ্রস্থ হওয়ায় বন্দরে ট্রাক যাতায়াত সমস‍্যা হলে সংস্কার কাজের জন্য সাময়িকভাবে পণ্যবাহী ট্রাক চলাচল বন্ধ করা হয়েছে।

নাকুগাঁও স্থলবন্দর আমদানি রপ্তানিকারক সমিতির সভাপতি মোস্তাফিজুর রহমান মুকুল সাংবাদিকদের জানান, ভারতীয় অংশের রাস্তাটি দীর্ঘদিন ধরে খানাখন্দকে ভরপুর ছিল। তাই ভারতীয় ঠিকাদারদের অনুরোধে সাময়িকভাবে এই বন্দরে ট্রাক চলাচল বন্ধ ঘোষণা করা হয়েছে। শনিবার ভারত কর্তৃপক্ষ আমাদেরকে অফিসিয়ালি বিষয়টি জানিয়েছেন। আগামী সপ্তাহের মধ্যে আমদানি কার্যক্রম স্বাভাবিক হওয়ার সম্ভাবনা আছে।

Leave Your Comments