সুসং সরকারি মহাবিদ্যালয়ের প্রভাষক আব্দুর রাশিদের পিএইচডি ডিগ্রী অর্জন

Date: 2023-07-13
news-banner



মো:নূর আলম,দূর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি

নেত্রকোনার আদিবাসী অধ্যুষিত পর্যটিন অঞ্চল দুর্গাপুর উপজেলার সুসং সরকারি মহাবিদ্যালয়ের অর্থনীতি বিভাগের প্রভাষক মোঃ আব্দুর রাশিদ পিএইচডি ডিগ্রী অর্জন করেছেন।

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে সম্প্রতি অনুষ্ঠিত সিন্ডিকেটের বিশেষ সভার সিদ্ধান্ত মোতাবেক অর্থনীতি বিভাগের দেশবরেণ্য অর্থনীতিবিদ ও প্রফেসর ড.মুহাম্মদ আনিসুর রহমান (আনু মুহাম্মদ) এর তত্ত্বাবধানে সম্পাদিত "বাংলাদেশের আদিবাসী গারো ও হাজংদের অর্থনীতির রূপান্তর" শীর্ষক অভিসন্দর্ভের জন্য পিএইচডি ডিগ্রী লাভ করেন।

তার এ অর্জনে সংশ্লিষ্ট কলেজের শিক্ষক-শিক্ষার্থী এবং দুর্গাপুরবাসীর মধ্যে এক আনন্দের বার্তা বয়ে যায় ।

মোঃ আব্দুর রাশিদ বলেন,বাংলাদেশ ক্ষুদ্র ভূখণ্ড হলেও ৪৫টি আদিবাসী জনগোষ্ঠী বসবাস করে এখানে। বৃহত্তর ময়মনসিংহ অঞ্চলে ৬টি আদিবাসী জনগোষ্ঠীর বসবাস । তার মধ্যে আমার গবেষণা অভিসন্দর্ভে গারো ও হাজংদের নিয়ে বিশেষভাবে আলোকপাত করেছি। তাদের অর্থনৈতিক কার্যাবলি প্রত্যক্ষ করতে গিয়ে দেখেছি বহুবিধ সমস্যা। একটা সময় এই আদিবাসীদের অর্থনীতি ছিল ক্ষুদ্র ক্ষুদ্র সমতল ভূখণ্ড এবং টিলা /পাহাড়ভিত্তিক অপরিকল্পিত কৃষি ও বনজসম্পদ নির্ভর। সময়ের স্রোতে তারা হারিয়েছে তাদের কৃষিভূমি,টিলা ও পাহাড়ে বসবাসের আবাস। এসবের হেতুরুপে দেখা গেছে তাদের সরলতা, অপরাপর জাতিগোষ্ঠী কর্তৃক শোষণ এবং নিজেদের অধিকার সচেতনতাহীনতা।
যার ফলশ্রুতিতে তাদের আর্থিক পরিস্থিতি আজ বিপর্যস্ত,উপরন্ত ক্রমনোবতিশীল।
এ অবস্থা থেকে উত্তরণের লক্ষ্যে আমার অভিসন্দর্ভে গবেষণাকৃত প্রস্তাবনা, পরিকল্পনা ও অন্যান্য বিষয়াদি ভবিষ্যতে তাদেরকে লক্ষ্য রেখে নতুন গবেষক,এনজিওকর্মী,উন্নয়নকর্মী এবং সর্বোপরি ক্ষুদ্র নৃ-গোষ্ঠীভিত্তিক সরকারের সংশ্লিষ্ট বিভাগের ইতিবাচক সিদ্ধান্তের মাধ্যমে আদিবাসীদের জীবনমান উন্নয়নে সহায়ক ভূমিকা পালন করবে বলে আমার দৃঢ় বিশ্বাস ।

মোঃ আব্দুর রাশিদের পিএইচডি ডিগ্রী লাভ প্রসঙ্গে সুসং সরকারি মহাবিদ্যালয়ের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মোঃ আইনুল ইসলাম বলেন, আমাদের প্রিয় সহকর্মী মোঃ আব্দুর রাশিদ  অতিসম্প্রতি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগ থেকে আদিবাসী জনগোষ্ঠীর জনগুরুত্বপূর্ণ বিষয় "বাংলাদেশের আদিবাসী জনগোষ্ঠী গারো ও হাজংদের অর্থনীতির রূপান্তর" শিরোনামে শিক্ষা ও গবেষণা জীবনে যে পিএইচডি ডিগ্রী
অর্জন করেছেন, তা অত্র প্রতিষ্ঠান,শিক্ষক- শিক্ষার্থী, অভিভাবক ও দুর্গাপুরবাসীকে নিঃসন্দেহে গর্বিত করেছে । তার এই গবেষণা কাজের স্বীকৃতি নিঃশ্চয়ই নতুন নতুন গবেষণাকার্যে আগ্রহী পরবর্তী প্রজন্ম ও গবেষককে উৎসাহ যোগাবে।

Leave Your Comments