কাওছার আহমদ, কুলাউড়া (মৌলভীবাজার) প্রতিনিধিঃ
মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলায় রাউৎগাঁও ইউনিয়নের মনরাজ গ্রামে কথা-কাটাকাটির জেরে মোটরসাইকেল নিয়ে মহড়া দিতে গিয়ে শ্বশুরবাড়িতে দুই পক্ষের সংঘর্ষে নিহত হয়েছেন রুবেল আহমদ (৪০) নামের এক যুবক।
নিহত রুবেল পার্শ্ববর্তী রাউৎগাঁও ইউনিয়নের মনরাজ গ্রামের সাবেক ইউপি সদস্য মৃত ওয়াহাব মিয়ার ছেলে। সংঘর্ষে দুই পক্ষের আরো চারজন আহত হয়েছেন।
রবিবার (২৩ জুলাই) রাত ১০টার দিকে উপজেলার কর্মধা ইউনিয়নের কর্মধা গ্রামে এ ঘটনা ঘটে।
সোমবার রুবেলের ভাই সোহেল আহমদ বাদী হয়ে সাতজনকে আসামি করে থানায় একটি মামলা দায়ের করেছেন। পুলিশ সোমবার দুপুর পর্যন্ত দুই নারীসহ তিনজনকে গ্রেপ্তার করেছে।
পুলিশ, মামলার এজাহার ও স্থানীয় সূত্রে জানা যায়, রবিবার রাত ৯টার দিকে উপজেলার পৃথিমপাশা ইউনিয়নের রবিরবাজারে রুবেল ও তার বন্ধুর সাথে চাচাশ্বশুরের ছেলে আবুল আজাদের বাগবিতণ্ডা হয়। পরে বাজারের ব্যবসায়ী নেতাদের বিষয়টি জানান আজাদ।
বিষয়টি সমাধানের আশ্বাস পেয়ে আজাদ বাড়িতে ফিরে তার পরিবারকে জানান। এতে আজাদের বাবা আব্দুল মন্নান, ভাই সালামসহ পরিবারের লোকজন ক্ষিপ্ত হয়ে রুবেলের শ্বশুর মবু মিয়ার ঘরে গিয়ে হুমকি দেন।
হুমকির বিষয়টি রুবেলের স্ত্রী নাছিমা মোবাইলে জানালে, রুবেল চার-পাঁচটি মোটরসাইকেল নিয়ে মহড়া দিতে যান। সবাইকে বাইরে রেখে বন্ধু মঞ্জুকে নিয়ে শ্বশুরবাড়িতে যান রুবেল।
রুবেল ও মঞ্জু বাড়ির ভেতরে যাওয়ার পর পরই তাদের ওপর হামলা করেন আজাদের পরিবারের লোকজন। তাদের চিৎকারে বাইরে থাকা অবস্থায় লোকজন বাড়ির ভেতরে গেলে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়। এতে উভই পক্ষের চারজন গুরুতর আহত হন।
পরে স্থানীয়রা ঘটনাস্থল থেকে গুরুতর আহত অবস্থায় রুবেল ও মঞ্জুকে উদ্ধার করে কুলাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে রুবেলের মৃত্যু হয়।
কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুছ ছালেক ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, এ ঘটনায় মামলা হয়েছে। তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।