আব্দুল্লাহ আল মামুন: দ্বীন ইসলাম (২৬), মো. ইমন (২৬) ও মো. মেহেদী হাসান (২২) নামের তিনজন ভুয়া পুলিশকে গ্রেফতার করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-১০। বৃহস্পতিবার (২৭ জুলাই) রাত সাড়ে ৮ টার দিকে ঢাকার কেরাণীগঞ্জ থানাধীন ঝিলমিল এলাকা থেকে তাদের আটক করা হয়েছে বলে বার্তা বিচিত্রাকে নিশ্চিত করেছেন সিনিয়র সহকারী পুলিশ সুপার এম ফখরুল হাসান।
এম ফখরুল হাসান জানান, গ্রেফতারকৃতরা পুলিশ পরিচয়ে প্রতারণাকারী চক্রের সক্রিয় সদস্য। তারা বেশ কিছুদিন যাবত দক্ষিণ কেরাণীগঞ্জসহ ঢাকা শহরের বিভিন্ন এলাকায় নিজেদেরকে পুলিশের বিভিন্ন কর্মকর্তা পরিচয় দিয়ে চাঁদাবাজি ও সাধারণ মানুষকে গ্রেফতারসহ বিভিন্ন প্রকার ভয়-ভীতি প্রদর্শনের মাধ্যমে মোটা অংকের টাকা দাবি করে অর্থ আত্মসাৎ করে আসছিল। ঢাকা জেলার দক্ষিণ কেরাণীগঞ্জ থানাধীন ঝিলমিল এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে তাদের আটক করা হয়। এ সময় তাদের নিকট হতে ১ জোড়া হ্যান্ডকাফ, ৩ টি মোবাইল ফোনসেট ও নগদ- ৩ হাজার ৯০ টাকা জব্দ করা হয়।
আটককৃত দ্বীন ইসলামের পিতার নাম মো. জয়নাল আবেদীন, সাং- পশ্চিম রতনপুর, থানা- মেহেন্দীগঞ্জ, জেলা- বরিশাল, বর্তমান ঠিকানা- পূর্ব চুনকুটিয়া, থানা- দক্ষিণ কেরাণীগঞ্জ, জেলা- ঢাকা, মো. ইমনের পিতা- মো. হারুন হাওলাদার, বর্তমান ঠিকানা- হিজলতলা বাজার, থানা- দক্ষিণ কেরাণীগঞ্জ, জেলা- ঢাকা (ভাসমান) ও মো. মেহেদী হাসানের পিতা- মৃত: আব্দুর রহমান, সাং- চুনকুটিয়া, নাজিরাবাগ, বাঙ্গালবাড়ী, থানা- দক্ষিণ কেরাণীগঞ্জ, জেলা- ঢাকা বলে জানা যায়। তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় নিয়মিত আইনে মামলা রুজু করা হয়েছে।