নওগাঁ প্রতিনিধি:
নওগাঁয় সুন্দরবন কুরিয়ার সার্ভিসের স্টোররুম থেকে সাড়ে ৮ কেজি গাঁজা উদ্ধারের ঘটনায় সাইফুল ইসলাম (৪৫) নামে একজনকে গ্রেফতার করেছে নওগাঁ সদর থানা পুলিশ। গতকাল বুধবার দিবাগত রাত ১২টায় দিকে গাজীপুরের টঙ্গী এলাকা থেকে তথ্য প্রযুক্তির সহায়তায় তাঁকে গ্রেফতার করা হয়।
এর আগে গত মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে শহরের চকমুক্তার দয়ালের মোড়ে অবস্থিত সুন্দরবন কুরিয়ার সার্ভিসের স্টোর রুমে অভিযান চালায় গাঁজা উদ্ধার করে পুলিশ।
গ্রেফতার সাইফুল ইসলাম কুমিল্লা সদর উপজেলার দৌলতপুর এলাকার বাসিন্দা।
নওগাঁ সদর থানা পুলিশ ও মামলার এজহার সূত্রে জানা যায়, সুন্দরবন কুরিয়ার
সার্ভিসের মাধ্যমে মাদকদ্রব্য গাঁজার একটি চালান এসেছে এমন গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে শহরের চকমুক্তার দয়ালের মোড় সুন্দরবন কুরিয়ার সার্ভিসের স্টোর রুমে অভিযান চালায়।
এসময় সুন্দরবন কুয়িার সার্ভিসের গাজীপুরের টঙ্গী শাখা থেকে আসা টেপ দিয়ে মোড়ানো তিনটি পার্সেলে তল্লাশি চালিয়ে সাড়ে ৮ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
পার্সেলের গাঁয়ে লেখা ছিল প্রাপকের নাম ও প্রাপকের মুঠোফোন নাম্বার দেওয়া
ছিল। প্রেরকের নামের জায়গায় একটি মুঠোফোন নাম্বার দেওয়া ছিল।
নওগাঁ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফয়সাল বিন আহসান বলেন, গাঁজা
ভর্তি পার্সেলের গায়ে লেখা মুঠোফোন নাম্বারের সূত্র ধরে তথ্য প্রযুক্তির
সহযোগিতায় গাজীপুরের টঙ্গী এলাকায় গ্রেফতার ব্যক্তি সাইফুলের অবস্থান শনাক্ত
করে গ্রেফতার করে পুলিশ। গ্রেফতারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে সাইফুল
সুন্দরবন কুরিয়ার সার্ভিসের টঙ্গী শাখা থেকে গাঁজার পার্সেল বুকিং করার
কথা স্বীকার করেছেন।
ওসি আরও জানান, গ্রেফতার সাইফুল ইসলামের বিরুদ্ধে এর আগেও বিভিন্ন থানায় একই ধরণের চারটি মামলা রয়েছে। সাইফুল কুরিয়ারের মাধ্যমে মাদকদ্রব্য সরবরাহকারী চক্রের একজন সক্রিয় সদস্য।