দুর্গাপুরে মধ্যরাতে ঝড়ের তাণ্ডবে লন্ডভন্ড বাড়িঘর

Date: 2023-09-05
news-banner



মো:নূর আলম,দূর্গাপুর,নেত্রকোনা

নেত্রকোনার দুর্গাপুরে  সোমবার রাতে হঠাৎ প্রবল ঝড়ের তাণ্ডবে ঘরবাড়ি, গাছপালা  লণ্ডভণ্ড হয়ে গেছে। বিভিন্ন গ্রামে বিধ্বস্ত হয়েছে মানুষের বসতবাড়ি। এছাড়া উপড়ে গেছে অসংখ্য গাছপালা। গাছের ডাল পড়ে বিদ্যুতের তার ছিঁড়ে বিদ্যুৎ-সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে গোটা উপজেলায়।

রাতে তিনটার দিকে উপজেলার উপর দিয়ে এই ঝড় 
বয়ে যায়। আধ ঘন্টার এই ঝড়ে শতাধিক ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়। ঝড়ের সঙ্গে হয়েছে শিলাবৃষ্টিও।

ঝড়ের পর থেকে বিদ্যুৎ সংযোগ বন্ধ থাকায় সীমাহীন দুর্ভোগের মধ্যে পড়েছে উপজেলার লোকজন। সরেজমিন গিয়ে দেখা গেছে হঠাৎ ঝড়ে বিরিশিরি ইউনিয়নের করুনীয়া গ্রামের বানেছা খাতুন,গাভীনা গ্রামের আবুল হাশেম,কৃষ্ণেরচর গ্রামের রবিকুল ইসলাম ও সেকুল ইসলাম সহ আরো অনেকেরই বসতঘর মাটির সাথে মিশে গেছে।
ঝড়ে ক্ষতিগ্রস্ত কাকৈরগড়া ইউনিয়নের কৃষ্ণেরচর গ্রামের রফিকুল ইসলাম বলেন, আমার একটি মাত্র টিনের ঘর। হঠাৎ করেই ঝড় চলে আসে, ঝড় আসার সাথে সাথেই ঘরের উপরে গাছ ভেঙ্গে পড়ে। পোলাপাইনগুলারে নিয়ে এই ঝড়ের মধ্যেই অন্য ঘরে গিয়ে উঠছি।

ঝড়ে ক্ষতিগ্রস্ত বিরিশিরি ইউনিয়নের মৃত মুজিবুর  রহমানের স্ত্রী বানেছা খাতুন বলেন,কোনো কিছু বুঝে ওঠার আগেই পুরো ঘর ভেঙে গেছে। এখন কোথায় থাকবো জানি না। আমার স্বামী বছর দুইএক আগে মারা গেছে। খুব কষ্টে জীবন যাপন করছি।

বিরিশিরি ইউনিয়নের আবুল হাশেম বলেন,আমি ঘুমে ছিলাম। ঝড়ে  আমার ঘর মুহূর্তেই মাথার উপরে  ভেঙ্গে পড়ে। কোনো রকম ঘর থেকে বের হয়ে  অন্যস্থানে আশ্রয় নিয়েছি।

কাকৈরগড়া ইউনিয়নে কৃষ্ণেরচর গ্রামের রফিকুল ইসলাম বলেন,আমাদের দুই ভাইয়ের থাকার ঘড় ভেঙ্গে যায়, রাতে ঘুমন্ত অবস্থায় ঘড়ের উপর গাছ ভেঙ্গে পড়ে।

বিরিশিরি ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য  মো. আবু কালাম বলেন,আমার ওয়ার্ডে ঝড়ে ব্যাপক ক্ষতি হয়েছে। ক্ষতিগ্রস্ত এলাকায় গিয়ে গিয়ে আমি সবার খোঁজ নিচ্ছি।

বিরিশিরি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রফিকুল ইসলাম (রুহু) বলেন,আমার ইউনিয়নে অনেক ঘরবাড়ির ব্যাপক ক্ষতি হয়েছে। ক্ষতিগ্রস্তদের সাহায্য প্রদানের জন্য তালিকা করছি।

দুর্গাপুর পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার (ডিজিএম) মোহাম্মদ দেলোয়ার হোসেন জানান, ঝড়ে বিভিন্ন স্থানে খুঁটি হেলে পড়েছে। এ ছাড়া তারের ওপর গাছ ও ডালপালা ভেঙে পড়েছে। ক্ষতিগ্রস্ত এলাকায় বিদ্যুৎ বিভাগের লোকজন কাজ করছে। এই পরিস্থিতিতে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হতে অনেকটা সময় লাগবে।

Leave Your Comments