মোঃ আজাদ হোসেন দেওয়ানগঞ্জ উপজেলা প্রতিনিধি।
ভাষা সৈনিক, বীর মুক্তিযোদ্ধা জনাব বদিউর রহমান তালুকদার গতকাল আনুমানিক বিকাল ৫ ঘটিকায় বার্ধক্যজনিত হৃদরোগে আক্রান্ত হয়ে জাতীয় হৃদরোগ ইন্সটিটিউটে ইন্তেকাল করেন।তার নামাযে জানাযা আজ সকাল ১০:৩০ মিনিটের সময় দেওয়ানগঞ্জ কামিল স্নাতকোত্তর মাদ্রাসায় রাষ্ট্রীয় মর্যাদায় অনুষ্ঠিত হয়ে, তালুকদার বাড়ীর পারিবারিক কবরস্থানে সমাহিত করা হয়।
তিনি ১৯৩৪ সালের ২৬ মার্চ দেওয়ানগঞ্জ উপজেলা শহরের কালিকাপুর গ্রামে জন্মগ্রহণ করেন। তার পিতা মৃত ছমির উদ্দিন তালুকদার এবং মাতা মৃত ছলিমন নেছা।
তিনি তার এই ৮৯ বছর বয়সে ভাষা আন্দোলন, মহান মুক্তিযুদ্ধে আংশ গ্রহণ সহ দেওয়ানগঞ্জ উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব পালন করেন।
ভাষা আন্দোলনের সক্রিয় সংগঠক হওয়ায় ১৯৫২ সালে মাধ্যমিক শিক্ষা থেকে ঝড়ে পড়েছিলেন মো. বদিউর রহমান তালুকদার। মাতৃভাষা বাংলা চাই আন্দোলনের সক্রিয় সংগঠক হওয়ার অপরাধে রাষ্ট্রদ্রোহিতার অভিযোগে তাকে দেওয়ানগঞ্জ সমবায় উচ্চ বিদ্যালয় থেকে বহিস্কার করে তার ছাত্রত্ব কেড়ে নেওয়া হয়েছিল। এ ঘটনার পর দীর্ঘদিন তিনি কোনো বিদ্যালয়ে ভর্তি হতে পারেননি।
এই ভাষা সৈনিক ১৯৭১ সালের ১১ এপ্রিল থেকে মহান মুক্তিযুদ্ধের পুরো সময়কালে ১১নং সেক্টরের মহেন্দ্রগঞ্জ সাব সেক্টরের মুক্তিযোদ্ধা বাছাই কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন। মহান স্বাধীনতা যুদ্ধেও পাক হানাদার বাহিনীর বিরুদ্ধে লড়াই করেছেন এবং ছিনিয়ে এনেছেন লাল সবুজের বাংলাদেশ।