প্রবাসী মিঠুনকে পরিকল্পিতভাবে হত্যা চেষ্টা মামলার আসামী গ্রেফতারের দাবীতে মানববন্ধন

Date: 2023-10-20
news-banner

এস আই খান:

নরসিংদীর বেলাবতে সাইদুল ইসলাম মিঠুৃন নামে এক প্রবাসীকে পরিকল্পিতভাবে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা চেষ্টার প্রতিবাদে বিক্ষোভ ও মানববন্ধন করেছে সামাজিক সংগঠন ‘এসো গড়ি নিলক্ষীয়া’ ও গ্রামবাসী। গতকাল শুক্রবার সকালে উপজেলার সররাবাদ ইউনিয়নের নিলক্ষীয়া বাজারের ‘এসো গড়ি নিলক্ষীয়া’ নামে একটি সামাজিক সংগঠনের আয়োজনে প্রবাসী মিঠুনকে হত্যা চেষ্টায় জড়িত আসামীদের দ্রুত গ্রেফতারের দাবীতে গ্রামবাসী এ মানববন্ধন করেন।  

উল্ল্যেখ্য যে, গত ২৭/০৯/২০২৩ ইং তারিখে বিকালে নিলক্ষীয়া গ্রামের মৃত আঃ রহমানের ছেলে প্রবাসী সাইদুল ইসলাম মিঠুন বাড়ির পাশে মরাখলা কাশবনের পাশে ঘুরতে গেলে পূর্ব শত্রুতার জেরে সররাবাদ ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের সাবেক মহিলা মেম্বার অনুফা বেগমের নেতৃত্বে তার ছেলে জাহিদ হোসেন জীবন, স্বামী আব্দুল সেলিম এবং দেবর আব্দুল হেলিম ও ভাসুর নান্নু মিয়া দেশীয় ধারালো অস্ত্র নিয়ে প্রবাসী মিঠুনকে হত্যার উদ্দেশ্যে কুপিয়ে মারাত্মকভাবে আহত করে। এসময় মিঠুন মারা গেছে ভেবে তারা কাশবনে ফেলে চলে যায়। পরে স্থানীয়রা মূমূর্ষ অবস্থায় আহত মিঠুনকে উদ্ধার করে প্রথমে বেলাব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। অবস্থার অবনতি হতে থাকলে মিঠুনকে ঢাকা মেডিকেল কলেজে পাঠানো হয়। বর্তমানে মিঠুনের অবস্থা আশংকাজনক।  এ ঘটনায় গত ০৮/১০/২০২৩ ইং তারিখে প্রবাসী মিঠুনের বড় ভাই মোঃ রফিকুল ইসলাম উপরোক্ত আসমীসহ অজ্ঞাত আরও ৮/১০ জনকে আসামী করে বেলাব থানায় ১৪৩/৩২৩/৩২৫/ ৩২৬/৩০৭/৫০৬/১১৪ ধারা উল্লেখ করে একটি মামলা (নং-০৪/২৩) রুজু করেন। 

মামলা দায়েরের পর থেকে আসামীপক্ষ পলাতক। আসামী পক্ষকে গ্রেফতার করতে বিলম্ব হওয়ায় পলাতক আসামীদের দ্রুত গ্রেফতারের দাবীতে ‘এসো গড়ি নিলক্ষীয়া’ সংগঠন ও গ্রামবাসী এই মানববন্ধন করেন।

উক্ত মানববন্ধনে বক্তব্য রাখেন বেপজা, প্রধানমন্ত্রী কার্যালয় এর  সহকারী পরিচালক ও সামাজিক সংগঠন "এসো গড়ি নিলক্ষীয়া" এর আহবায়ক কমিটির অন্যতম সদস্য মো:  মোজাম্মেল হক বিপ্লব, সররাবাদ ইউপি চেয়ারম্যান জাকির হোসেন স্বপন,  জাতীয় পার্টি, বেলাব উপজেলা শাখার সাধারণ সম্পাদক ও প্রবাসী মিঠুনের বড় ভাই মো: রফিকুল ইসলাম, "এসো গড়ি নিলক্ষীয়া" এর আহবায়ক কমিটির সদস্য জহিরুল হক মিলন,  আসাদুল হক খসরু,  ইব্রাহিম খলিল, সোহরাব হোসেন, ফারুক হোসেন টিটু, কামরুল ইসলাম কমলসহ এলাকার আরও অনেকে। বক্তারা নিলক্ষীয়া গ্রামকে মাদক, জুয়া মুক্ত করার জন্য "এসো গড়ি লিলক্ষীয়া" সামাজিক সংগঠন কাজ করে যাবে বলে আশ্বস্ত করেন। 

বেলাব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তানভীর আহমেদ বলেন, এ বিষয়ে একটি মামলা দায়ের হয়েছে। আসামীরা পলাতক রয়েছে। তাদের গ্রেফতারের জন্য বেলাব থানা পুলিশ চেষ্টা করছে।

Leave Your Comments