চাঁদাবাজদের হাতে আশুলিয়ার দুই সাংবাদিক লাঞ্ছিত।

Date: 2024-09-17
news-banner



ইমরান খাঁন:

ঢাকার সাভারে সংবাদ সংগ্রহ করতে গিয়ে বেসরকারি টেলিভিশনের দুই সাংবাদিকসহ চারজনকে পিটিয়ে আহত করা হয়েছে। আশুলিয়ার জিরানী ওয়াপদা রোড এলাকায় মঙ্গলবার রাতে এ ঘটনা ঘটে।

আহতরা হলেন, বেসরকারি টেলিভিশন আর টিভির আশুলিয়া প্রতিনিধি এইচ এম সৌরভ ও বায়ান্ন টিভির সাভার প্রতিনিধি রমজান আলী। স্থানীয় একটি হাসপাতালে তারা ভর্তি আছেন।

আহত সাংবাদিক এইচ এম সৌরভ বলেন, ‘নবীনগর-চন্দ্রা মহাসড়কের জিরানি ওয়াপদার এলাকায় অবৈধভাবে গাড়ি পার্কিংয়ের মাধ্যমে একটি দল চাঁদাবাজি করছে। এমন সংবাদের ভিত্তিতে চাঁদাবাজির তথ্য সংগ্রহ করতে গেলে সাইফুল ইসলাম চয়ন ওরফে কালা সাইফুল, রাশিদুল, আলম, আশিক ও মোয়াজ্জেম মোল্লার নেতৃত্বে ১৫-২০ জন সন্ত্রাসী দেশীয় অস্ত্র নিয়ে বায়ান্ন টিভির সাংবাদিক রমজান আলীর ওপর হামলা চালায়।

‘খবর পেয়ে সাংবাদিক রমজানকে উদ্ধার করতে যান আরটিভির আশুলিয়া প্রতিনিধি এইচ এম সৌরভ, রমজানের ভাই সুমন ও ভাতিজা আরমান। তাদেরও পিটিয়ে গুরুতর আহত করে পালিয়ে যায় সন্ত্রাসীরা। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে নিকটস্থ হাসপাতালে ভর্তি করে।’নাম প্রকাশে অনিচ্ছুক এক পরিবহন শ্রমিকের সাথে কথা বলে জানা যায় চাঁদা না দিলে শ্রমিকদেরও পিটিয়ে জখম করে এই চক্রটি।

এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দেয়া হবে বলে জানান মারধরের শিকার দুই সাংবাদিক।

Leave Your Comments