তিন দিনের রিমান্ডে কামাল মজুমদার

Date: 2024-10-19
news-banner

 

আব্দুল্লাহ আল মামুন (প্রধান প্রতিবেদক):

 

বৈষম্যবিরোধী আন্দোলনে ইকরামুল হক হত্যা মামলায় সাবেক শিল্প প্রতিমন্ত্রী ও ঢাকা-১৫ আসনের সাবেক সংসদ সদস্য কামাল আহমেদ মজুমদারকে তিন দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করার অনুমতি দিয়েছেন আদালত। এর আগে শুক্রবার (১৮ অক্টোবর) রাজধানীর গুলশান এলাকা থেকে কামাল আহমেদ মজুমদারকে গ্রেফতার করে কাফরুল থানা পুলিশ। আজ (শনিবার) সকাল ৭ টার পর তাঁকে আদালতে হাজির করা হয়। এ সময় তাকে সাত দিনের রিমান্ডে নিতে আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা ও কাফরুল থানার উপ-পরিদর্শক হারুন উর রশীদ।

 

আসামি পক্ষের আইনজীবী রিমান্ড বাতিল চেয়ে জামিন আবেদন করেন। অন্যদিকে রাষ্ট্রপক্ষ রিমান্ডের পক্ষে অবস্থান নেন। শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আলী হায়দার তার তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।

 

বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলন চলাকালে গত ৪ আগস্ট মিরপুর-১ এর শাহ আলী মাজারের সামনে গুলিতে আহত হন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ইকরামুল হক। চিকিৎসার জন্য তাকে সম্মিলিত সামরিক হাসপাতালে নেওয়া হয়। সেখানে ১৪ আগস্ট তিনি মৃত্যুবরণ করেন। এ ঘটনায় ইকরামুল হকের বাবা জিয়াউল হক ৭ সেপ্টেম্বর শাহ আলী থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। এই মামলায় আসামি ছিলেন কামাল আহমেদ মজুমদার। কামাল আহমেদ মজুমদার বেসরকারি স্যাটেলাইট চ্যানেল মোহনা টেলিভিশনের চেয়ারম্যান।

 

ছাত্র–জনতার গণঅভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর শুরুর দিকেই আওয়ামী লীগ সরকারের প্রভাবশালীদের মধ্যে সাবেক আইনমন্ত্রী আনিসুল হক ও সাবেক প্রধানমন্ত্রীর উপদেষ্টা সালমান এফ রহমান গ্রেফতার হন। এরপর গত দুই মাসে আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য ও সাবেক নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান, সাবেক মন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারন সম্পাদক দীপু মনি, সাবেক বানিজ্যমন্ত্রী টিপু মুন্সি ও সাবেক খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদারসহ বেশ কয়েকজন মন্ত্রী, সংসদ সদস্য, সরকারি আমলা, পুলিশ ও সাংবাদিকসহ ৭৫ জনের বেশি ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। তাদেরকে বিভিন্ন মামলায় গ্রেফতার ও রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ চলছে। এদের বেশীরভাগের বিরুদ্ধেই হত্যা মামলা হয়েছে। 

Leave Your Comments