মোঃ মহাসিন, সাতক্ষীরা, প্রতিনিধি
নিষেধ অমান্য করে অবৈধভাবে বালু উত্তোলন করে বিক্রি করার ঘটনায় ভ্রাম্যমান আদালতের অভিযানে জব্দকৃত বালু মহল সহ বালু উত্তোলন কারি কাজে ব্যবহৃত সরঞ্জামাদি ড্রেজার মেশিন প্রকাশ্যে নিলামে ১ লক্ষ্য ৭০ হাজার টাকায় বিক্রি করে দেন ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ।
ঘটনাটি ঘটেছে শনিবার (২৬ অক্টোবর) বিকাল ৪ টার সময় সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার ভাড়া সিমলা ইউনিয়নের সীমান্তবর্তী শুইলপুর বিজিবি ক্যাম্প সংলগ্ন একটি মাছের ঘেরে। শুইলপুর গ্রাম সহ আশেপাশ এলাকার একটি সিন্ডিকেট দীর্ঘদিন ধরে অবৈধ ভাবে বিজিবি ক্যাম্প সংলগ্ন সীমান্তবর্তী পানি উন্নয়ন বোর্ডের ভেড়ি বাঁধের পাশে ঘেরের জমি হতে ড্রেজার মেশিন দিয়ে অবৈধ ভাবে বালি , মাটি উত্তোলন করে প্রতিদিন লক্ষ লক্ষ টাকার বালু ও মাটি বিক্রি করে আসছিল ।
বিষয়টি নিয়ে এলাকাবাসীর অভিযোগের প্রেক্ষিতে কালীগঞ্জ সহকারী কমিশনার (ভূমি ) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অমিত কুমার বিশ্বাস নিষেধ করে আসেন । কিন্তু নিষেধ অমান্য করে প্রশাসনকে বৃদ্ধাঙ্গুলী দেখিয়ে বালি উত্তোলন কাজ অব্যাহত রাখে ।
পুনরায় বালু উত্তোলন করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে শনিবার বিকাল আনুমানিক ৪ টার সময় সহকারী কমিশনার (ভূমি ) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অমিত কুমার বিশ্বাস ঘটনাস্থলে পৌঁছে বালু উত্তোলন কাজে ব্যবহৃত ড্রেজার মেশিন ও বিপুল পরিমাণ বালু জব্দ করে ।
পরে জব্দকৃত বালু উত্তোলনকারী সরঞ্জামাদি ২০১০ সালের বালু মহল ব্যবস্থাপনা ও নিয়ন্ত্রণ আইনের ৯৬ ধারা মোতাবেক জব্দকৃত বালু ও উত্তোলনকারী সরঞ্জামাদি ড্রেজার মেশিন প্রকাশ্য নিলামে ১ লক্ষ ৭০ হাজার টাকায় বিক্রি করে জরিমানা আদায় করে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার ভূমি অমিত বিশ্বাস।
তবে অভিযান শুরু করার খবর পেয়ে ঘটনাস্থল থেকে আরো কয়েকটি ড্রেজার মেশিন নিয়ে দ্রুত পালিয়ে যায় অবৈধবালি উত্তোলনকারী সিন্ডিকেট।