নিজস্ব প্রতিবেদক।।
দুর্নীতি দমন কমিশনে (দুদক) দায়ের করা অভিযোগ সূত্রে জানা গেছে, বাংলাদেশ সরকারের এলজিইডি মন্ত্রণালয়ের নোয়াখালী বিভাগে কর্মরত হিসাবরক্ষক আলমগীর হোসেনের বিরুদ্ধে ব্যাপক দুর্নীতির অভিযোগ উঠেছে।
অভিযোগে উল্লেখ করা হয়, আলমগীর হোসেন টেন্ডার বাজি, ঠিকাদারদের কমিশন বাণিজ্য, চাকরি ও বদলি বাণিজ্যের মাধ্যমে বিপুল পরিমাণ অবৈধ সম্পদ অর্জন করেছেন। তিনি স্বৈরাচারী ক্ষমতাসীন সরকারের প্রভাবশালী ব্যক্তিদের ছত্রছায়ায় এইসব কর্মকাণ্ড পরিচালনা করে আসছেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
জানা গেছে, তিনি ঢাকার সারুলিয়া, কোনাপাড়া ও ডেমরা এলাকায় জমি ক্রয় করে বিলাসবহুল ফ্ল্যাট ও বাড়ি তৈরি করেছেন। এছাড়াও, তার নিজ এলাকা কুমিল্লার তিতাস থানার মানিক কান্দি গ্রামে চারতলা বিশিষ্ট ডুপ্লেক্স বাড়ি এবং বিপুল পরিমাণ ধানী জমি ক্রয় করেছেন। তার চলাচলের জন্য রয়েছে দামি গাড়ি, যা তার বৈধ আয়ের সাথে সংগতিপূর্ণ নয়।
অভিযোগে আরও বলা হয়, আলমগীর হোসেনকে জিজ্ঞাসাবাদ করলে তার অবৈধ সম্পদের আরও অনেক অজানা দিক প্রকাশ পেতে পারে।
এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট দাবি জানানো হয়েছে, দুর্নীতির সঙ্গে জড়িত এই সরকারি কর্মকর্তার সম্পদের উৎস খতিয়ে দেখা এবং তাকে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনা হোক।
দুদক সূত্র জানিয়েছে, অভিযোগটি যাচাই-বাছাই করা হচ্ছে এবং শিগগিরই বিষয়টি নিয়ে প্রয়োজনীয় তদন্ত কার্যক্রম শুরু হবে।