ইস্পোর্টস এবং গেমিং শিক্ষা ব্যবস্থার উন্নয়নে বাংলাদেশের ঐতিহাসিক পদক্ষেপ

Date: 2024-12-04
news-banner

 

বিশেষ প্রতিনিধি:

 

বাংলাদেশের ইস্পোর্টস জগতের অন্যতম পথিকৃৎ “দ্য ইস্পোর্টস প্রফেসর” নামে পরিচিত মোহাম্মদ অলিউর রহমান সোহান এক ঐতিহাসিক চুক্তির মাধ্যমে গত ৩০ নভেম্বর জেনেটিক ইস্পোর্টস, লেভেল-৭ সলিউশনস এবং বেসিস স্টুডেন্টস ফোরাম এর অংশীদারিত্বে দেশের গেমিং ও ইস্পোর্টস খাতের উন্নয়নে নতুন দিগন্ত উন্মোচন করেছেন। জেনেটিক ইস্পোর্টস এবং লেভেল 7 এর প্রতিষ্ঠাতা ও সিইও হিসাবে, তিনি দীর্ঘদিন ধরে প্রযুক্তি ও গেমিং এর মাধ্যমে যুবসমাজকে ক্ষমতায়নের জন্য কাজ করে আসছেন।

 

এ মেমোরেন্ডাম অব আন্ডারস্ট্যান্ডিং (এমওইউ) সই করার মাধ্যমে বাংলাদেশের শিক্ষা প্রতিষ্ঠানে ইস্পোর্টস এবং গেমিং শিক্ষা প্রসারে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়া হয়েছে। মোহাম্মদ অলিউর রহমান সোহান বাংলাদেশের যুব সমাজকে বিশ্বব্যাপী ইস্পোর্টসে নেতৃত্ব দিতে দক্ষতা উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টির সুযোগ, এবং একটি স্থায়ী ইস্পোর্টস ইকোসিস্টেম গড়ার ওপর গুরুত্ব দিয়েছেন।

 

দ্য ইস্পোর্টস প্রফেসর মোহাম্মদ অলিউর রহমান সোহান বলেন, “এই অংশীদারিত্ব শুধু গেমিং নিয়ে নয়; বরং এটি বাংলাদেশের যুবসমাজের জন্য একটি নতুন যুগের সূচনা, যেখানে প্রযুক্তির উদ্ভাবন, বৈশ্বিক স্বীকৃতি, এবং পেশাগত বিকাশের অবারিত সম্ভাবনা রয়েছে। আমরা একসাথে বাংলাদেশের ভবিষ্যৎ ইস্পোর্টস নেতাদের জন্য পথ তৈরি করব।”

 

এসময় অনুষ্ঠানে বেসিসের প্রেসিডেন্ট মি. এম. রাশিদুল হাসান এবং অন্যান্য গুরুত্বপূর্ণ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এছাড়াও জেনেটিক ইস্পোর্টস এবং লেভেল-৭ এর প্রতিনিধি দল উক্ত অংশীদারিত্বের ব্যাপারে তাদের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন। মোহাম্মদ অলিউর রহমান সোহানের নেতৃত্ব, উদ্ভাবন এবং অদম্য মনোবল বাংলাদেশের ইস্পোর্টস জগতে এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে, যা বিশ্বব্যাপী এই খাতে দেশের অবস্থানকে দৃঢ় করবে বলে আশা করা যায়।

 

Leave Your Comments