ঝিনাইদহের কালীগঞ্জে সাপের কামড়ে হাসিবুল হাসান জনি (৪০) নামে এক মুহুরি মারা গেছেন। তিনি কালীগঞ্জ উপজেলার মোল্লাকুয়া গ্রামের বাসিন্দা এবং ঝিনাইদহ আদালতে মুহুরির কাজ করতেন।
মঙ্গলবার (৫ আগস্ট) সকাল ৭টায় যশোর হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়।
হাসান জনির পারিবারিক সূত্রে জানা যায়, হঠাৎ ঘুমের মধ্যে একটি বিষধর সাপ তার কানে কামড় দেয়। বিষয়টি বুঝতে পেরে পরিবারের লোকজন পাশের সুবিতপুর গ্রামে এক ওঝার কাছে নিয়ে গিয়ে ঝাড়ফুঁক করান। এরপর তিনি বাড়িতে ফিরে আবার শুয়ে পড়েন।
রাতেই অবস্থার অবনতি হলে মঙ্গলবার ভোর সাড়ে ৫টার দিকে জনিকে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। সেখান থেকে তাকে যশোর ২৫০ শয্যা হাসপাতালের উদ্দেশ্যে রেফার করা হলে পথে সকাল ৭টার দিকে তার মৃত্যু হয়।
কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক শিশির কুমার সানা জানান, সাপে কাটার পর রোগীকে রাতেই হাসপাতালে না এনে দেরি করা হয়েছে। হাসপাতালে আনার পর তাকে এন্টিভেনম দেয়া হলেও তার অবস্থা গুরুতর হওয়ায় যশোর পাঠানো হয়।
হাসিবুল হাসানের মৃত্যুতে পরিবার ও এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।