কামরাঙ্গীরচরে মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে মতবিনিময় সভা অনুষ্ঠিত
আব্দুল্লাহ
আল মামুন (প্রধান প্রতিবেদক):
“মাদক ও সন্ত্রাসমুক্ত সমাজ নিরাপদ ভবিষ্যতের
মূল চাবিকাঠি” এই স্লোগানের ব্যানারে গত মঙ্গলবার (২১ জুলাই) রাজধানীর কামরাঙ্গীরচর
থানাধীন রসুলপুর এলাকায় এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। এ সময় পুরো অনুষ্ঠানটি ভার্চুয়ালি
পর্যবেক্ষণ করেন ঢাকা-৭ আসনের সংসদ সদস্য হামিদুর রহমান হামিদ।
কামরাঙ্গীরচর থানা এলাকায় জনসচেতনতা সৃষ্টি
এবং মাদক কারবারি, সন্ত্রাসী ও চাঁদাবাজদের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার লক্ষ্যে
এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কামরাঙ্গীরচর
থানা বিএনপির আহ্ববায়ক ও ৫৬ নং ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী হাজী মোহাম্মদ নাঈম, বিশেষ
অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কামরাঙ্গীরচর থানার অফিসার ইনচার্জ গোলাম ফারুক।
প্রধান অতিথির বক্তব্যে মোহাম্মদ নাঈম বলেন,
এসব অপরাধ কারো একার পক্ষে নির্মূল করা সম্ভব নয়। সমাজের সকলকে এগিয়ে আসতে হবে। তিনি
এলাকাবাসীকে আহ্ববান জানিয়ে বলেন, মাদক সেবন ও ক্রয়-বিক্রয়সহ বিভিন্ন অপরাধের মাধ্যমে
যারা সমাজে বিশৃঙ্খলা তৈরি করছে, তাদেরকে চিহ্নিত করতে হবে। অতঃপর আইন-শৃঙ্খলা বাহিনীর
হাতে তুলে দিয়ে বিচারের আওতায় আনতে হবে। অফিসার ইনচার্জ গোলাম ফারুক বলেন, “মাদক ব্যবসায়ী,
সন্ত্রাসী, চাঁদাবাজ ও কিশোর গ্যাং তথা এসব সামাজিক অপরাধীদের যাদেরকেই আমরা ধরছি,
আমি দায়িত্ব নিয়ে বলছি, তাদের কাউকেই আমরা ছেড়ে দিচ্ছি না।”
অনুষ্ঠানে অন্যান্য বক্তারা বলেন, মাদক, সন্ত্রাস
ও চাঁদাবাজরা সমাজের অনেক বড় হুমকি। এসব অপরাধ নির্মূলে আইন-শৃঙ্খলা বাহিনীর পাশাপাশি
সাধারণ জনগণকে সচেতন ও ঐক্যবদ্ধ হতে হবে। যুব-সমাজকে মাদক থেকে দূরে রেখে একটি নিরাপদ
ও শান্তিপূর্ণ সমাজ গঠনে সবাইকে এগিয়ে আসার আহ্ববান জানান তারা। এ সময় এলাকার গণ্যমান্য
ব্যাক্তি, রাজনৈতিক নেতা-কর্মী ও স্থানীয় বাসিন্দারা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের আয়োজকরা
জানান, সামাজিক অপরাধ প্রতিরোধে ভবিষ্যতে এ ধরনের জনসচেতনতামূলক কার্যক্রম অব্যাহত
থাকবে।