চুয়াডাঙ্গায় নাগরিক দুর্ভোগ: জলাবদ্ধতা ও আবর্জনায় নাকাল ফিরোজ রোড, পৌর কর্তৃপক্ষ নির্বিকার

Date: 2025-08-05
news-banner

মাসুদুর রহমান:


চুয়াডাঙ্গা শহরের কেন্দ্রস্থলের একটি গুরুত্বপূর্ণ সংযোগ সড়ক হওয়া সত্ত্বেও চরম অবহেলায় পড়ে আছে ৩ নং ওয়ার্ডের সাদেক আলী মল্লিক পাড়ার ফিরোজ রোড। সামান্য বৃষ্টিতেই সৃষ্ট জলাবদ্ধতা এবং আবর্জনার স্তূপের কারণে সড়কটি এখন চলাচলের প্রায় অযোগ্য। এতে করে চরম দুর্ভোগ পোহাচ্ছেন ওই এলাকার ১০-১২টি পরিবারের বাসিন্দারা। 


ভুক্তভোগীদের অভিযোগ, বারবার পৌর কর্তৃপক্ষকে জানিয়েও কোনো প্রতিকার মেলেনি।
সরেজমিনে গিয়ে দেখা যায়, ফিরোজ রোডের বিভিন্ন অংশে বৃষ্টির পানি জমে আছে এবং সেই পানিতে ভাসছে পলিথিনসহ নানা ধরনের গৃহস্থালি আবর্জনা। জমে থাকা পানি ও আবর্জনার দুর্গন্ধে এলাকার পরিবেশ অস্বাস্থ্যকর হয়ে উঠেছে।



এলাকার বাসিন্দারা জানান, দীর্ঘদিন ধরে তারা এই সমস্যার শিকার। নাম প্রকাশে অনিচ্ছুক এক বাসিন্দা ক্ষোভের সাথে বলেন, "আমরা এই রাস্তা নিয়ে বেশ কয়েকবার পৌরসভায় গিয়ে মেয়র ও কাউন্সিলরের কাছে অভিযোগ জানিয়েছি। তারা শুধু আশ্বাসই দিয়েছেন, কিন্তু কোনো পদক্ষেপ নেননি। সামান্য বৃষ্টি হলেই রাস্তায় পানি জমে যায়, যা মাসের পর মাস থাকে।"



ভুক্তভোগীরা আরও জানান, সড়কের এই বেহাল দশার কারণে অতিষ্ঠ হয়ে তারা নিজ উদ্যোগেই কয়েকবার চাঁদা তুলে রাস্তা পরিষ্কারের ব্যবস্থা করেন। কিন্তু পৌরসভার পরিচ্ছন্নতাকর্মীরা নিয়মিত ঝাড়ু দিতে আসেন না। এমনকি, বাসিন্দাদের একত্রিত করা ময়লাও পৌরসভার ভ্যান এসে তুলে নিয়ে যায় না বলে অভিযোগ তাদের। এ বিষয়ে পরিচ্ছন্নতাকর্মীদের দৃষ্টি আকর্ষণ করলে তারা কর্ণপাত করেন না।



বাসিন্দারা বলেন, "এটি শহরের একটি ব্যস্ত সংযোগ সড়ক। অথচ এর অবস্থা দেখলে মনে হয় যেন কোনো ময়লার ভাগাড়। জমে থাকা পানি ও আবর্জনার কারণে মশা-মাছির উপদ্রব বেড়েছে, ছড়াচ্ছে রোগ-জীবাণু।"
এই অস্বাস্থ্যকর পরিবেশ থেকে মুক্তি পেতে এবং সড়কটি সংস্কার করে চলাচলের উপযোগী করতে এলাকাবাসী চুয়াডাঙ্গা পৌর কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ ও সদয় দৃষ্টি কামনা করেছেন।

Leave Your Comments