আঙুলের ছাপ থেকে মাথাবিহীন মরদেহের পরিচয় শনাক্ত

Date: 2025-08-08
news-banner

গাজীপুরের টঙ্গীর স্টেশন রোড এলাকা থেকে উদ্ধার হওয়া মাথাবিহীন খণ্ডিত মরদেহের পরিচয় শনাক্ত করেছে থানা পুলিশ। মরদেহের আঙুলের ছাপ থেকে পিবিআই ও সিআইডির ক্রাইম সিন ইউনিট তার পরিচয় নিশ্চিত করে।


নিহত যুবকের নাম মো. অলি (৩৫)। তিনি নরসিংদী জেলা সদরের করিমপুর গ্রামের শুক্কুর আলী মাস্টারের বাড়ির সুরুজ মিয়ার ছেলে।


টঙ্গী পূর্ব থানার পুলিশ জানায়, সকাল ৭টার দিকে স্টেশন রোড এলাকা থেকে অজ্ঞাতপরিচয় যুবকের মাথাবিহীন খণ্ডিত মরদেহ উদ্ধার করা হয়। পরে পুলিশের বিশেষ শাখা অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) ও পিবিআইয়ের সহযোগিতায় আঙুলের ছাপ থেকে মরদেহের পরিচয় শনাক্ত করে।

থানা পুলিশ আরও জানান, নিহত মো. অলি আজমিরি পরিবহনের হেলপার ছিল। মাসের বেশিরভাগ সময় তিনি গাজীপুরের বিভিন্ন স্থানে বসবাস করতেন। ময়নাতদন্তের জন্য মরদেহটি গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ ফরিদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘নিহতের স্বজনদের খবর দেয়া হয়েছে। নিহতের পরিবার থানায় এসে লিখিত অভিযোগ দেয়ার পর মামলা দায়ের করা হবে। ঘটনাস্থলের বিভিন্ন দোকানের সিসিটিভির ফুটেজ সংগ্রহ করা হয়েছে। আসামি শনাক্ত করার জন্য সব প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। আসামিদের গ্রেফতারে অভিযান চলমান রয়েছে।’

Leave Your Comments