ক্যানসারের সঙ্গে লড়ে ২০১৮ সালে মৃত্যুবরণ করেছিলেন ইংল্যান্ডের সাবেক ক্রিকেটার অ্যান্ড্রু স্ট্রসের স্ত্রী রুথ ম্যাকডোনাল্ড। স্ত্রীর স্মরণে পরের বছর রুথ ফাউন্ডেশন খুলেন স্ট্রস। যার মাধ্যমে ক্যানসারে আক্রান্তদের চিকিৎসায় সহায়তা করা হয়ে থাকে।
রুথ ফাউন্ডেশনের অর্থের বড় একটা অংশ আসে লডর্সের ম্যাচ থেকে। প্রতি বছর লর্ডসের খেলা ম্যাচগুলোর একটি দিন রুথ ফাউন্ডেশনের জন্য বরাদ্দ থাকে। এবার বরাদ্দ হয়েছিল ভারত ও ইংল্যান্ডের মধ্যকার অ্যান্ডারসন-টেন্ডুলকার সিরিজের ম্যাচটি। ফলস্বরূপ লর্ডসের এ ম্যাচে খেলোয়াড়দের পরা দ্বিতীয় দিনের জার্সি ও ক্যাপ নিলামে তোলা হয়েছিল। যার মধ্যে সবচেয়ে বেশি দাম পেয়েছে শুভমান গিলের জার্সি।
২-২ ব্যবধানে ড্র হওয়া সিরিজে গিল ছিলেন দারুণ ছন্দে। ব্যাট হাতে সিরিজ সর্বোচ্চ ৭৫৪ রান করেছেন তিনি। তেমনি তার জার্সিও বিক্রি হলো সবচেয়ে বেশি দামে। ১০ জুলাই থেকে ২৭ পর্যন্ত অনুষ্ঠিত অনলাইন নিলামে ৪ হাজার ৬০০ পাউন্ড দাম পেয়েছে তার জার্সি, ভারতীয় মুদ্রায় প্রায় সাড়ে ৫ লাখ রুপি। আর বাংলাদেশি টাকায় প্রায় সাড়ে ৭ লাখ।
নিলামে সর্বোচ্চ দাম পাওয়া অন্য তিনজনও ভারতীয়। জাসপ্রিত বুমরাহ ও রবীন্দ্র জাদেজার জার্সি বিক্রি হয়েছে ৪ লাখ ৯৪ হাজার রুপি করে। লোকেল রাহুলের জার্সি বদলে উঠেছে ৪ লাখ ৭১ লাখ রুপি।
তালিকায় এরপর জো রুট। টেস্টে সর্বোচ্চ রানের হিসাবে শচীন টেন্ডুলকারকে ধাওয়া করতে থাকা এ ব্যাটারের জার্সি বিক্রি হয়েছে ৪ লাখ ৪৭ হাজার রুপিতে। ইংল্যান্ড অধিনায়ক বেন স্টোকসের জার্সি বিক্রি হয়েছে ৪ লাখ রুপিতে।