সিলেটে ডাকাতির মামলায় জড়িত থাকার অভিযোগে কিশোরগঞ্জের পাকুন্দিয়া পৌর বিএনপির সহ-সভাপতি মাহফুজুর রহমানকে দল থেকে বহিষ্কার করেছে জেলা বিএনপি।
শনিবার (৯ আগস্ট) দুপুরে জেলা বিএনপির দপ্তর সম্পাদক মীর কামরুল হাসান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
মাহফুজুর রহমান পাকুন্দিয়া পৌর সদরের বড়বাড়ি এলাকার বাসিন্দা ও সাবেক বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি'র) সদস্য।
বিজ্ঞপ্তিতে বলা হয়, দলীয় সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের সুস্পষ্ট অভিযোগের ভিত্তিতে পাকুন্দিয়া পৌর বিএনপির সুপারিশক্রমে এবং কিশোরগঞ্জ জেলা বিএনপির সিদ্ধান্ত মোতাবেক এই বহিষ্কারাদেশ কার্যকর করা হয়েছে। জেলা বিএনপির সভাপতি মো. শরীফুল আলম ও সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম এ সিদ্ধান্ত অনুমোদন করেন।
একইসঙ্গে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির সব পর্যায়ের নেতাকর্মীদের মাহফুজুর রহমানের সঙ্গে কোনো প্রকার সাংগঠনিক সম্পর্ক না রাখার নির্দেশ দেওয়া হয়েছে।
পাকুন্দিয়া পৌর বিএনপির সভাপতি এসএম মিনহাজ উদ্দিন জানান, সম্প্রতি সিলেটে ডাকাতির ঘটনায় মাহফুজুর রহমান গণপিটুনির শিকার হন এবং তার বিরুদ্ধে একটি ডাকাতির মামলা দায়ের করা হয়। বিষয়টি কেন্দ্রীয় বিএনপির নজরে আসার পরই তাকে বহিষ্কার করা হয়েছে।