যুক্তরাষ্ট্রের জর্জিয়া অঙ্গরাজ্যে বন্দুকধারীর গুলিতে এক পুলিশ কর্মকর্তাসহ দুইজন নিহত হয়েছেন। স্থানীয় সময় শুক্রবার (৮ আগস্ট) বিকেল সাড়ে ৪টার দিকে আটলান্টায় এমোরি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, হঠাৎ করে ক্যাম্পাসে ঢুকে পড়ে বন্দুকধারী। এরপর এলোপাতাড়ি গুলি চালানো শুরু করলে আতঙ্কিত হয়ে পড়েন স্থানীয়রা। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। শুরু হয় বন্দুকযুদ্ধ।
এক পর্যায়ে হামলাকারীর গুলিতে প্রাণ হারান এক পুলিশ কর্মকর্তা। পরে রাস্তার অপর দিকের একটি ভবন থেকে উদ্ধার করা হয় সন্দেহভাজন বন্দুকধারীর মরদেহ।
তবে তিনি পুলিশের গুলিতে মারা গেছেন নাকি আত্মহত্যা করেছেন সে বিষয়ে এখনও নির্দিষ্ট করে কিছুই জানা যায়নি। হামলার আসল কারণ খুঁজতে এরইমধ্যে মাঠে নেমেছে আইনশৃঙ্খলা বাহিনী।
তিনদিন আগেই জর্জিয়া অঙ্গরাজ্যের একটি সামরিক ঘাঁটিতে বন্দুক হামলা চালানো হয়। হামলায় পাঁচজন সেনা আহত হন।
গত বুধবার (৬ আগস্ট) জর্জিয়ার ফোর্ট স্টুয়ার্ট সামরিক ঘাঁটিতে এই বন্দুক হামলা চালানো হয়। এটা যুক্তরাষ্ট্রের অন্যতম বৃহত্তম সামরিক ঘাঁটি। হামলার পরই ঘাঁটি এলাকায় সাময়িক লকডাউন জারি করা হয়।