গত মৌসুমে প্রিমিয়ার লিগে নজিরবিহীন ব্যর্থতার পর এবারের দলবদলে ব্যস্ত সময় কাটাচ্ছে ম্যানচেস্টার ইউনাইটেড। আক্রমণভাগ পুনর্গঠনে উলভারহ্যাম্পটন থেকে ম্যাথিয়াস কুনিয়া ও ব্রেন্টফোর্ড থেকে ব্রায়ান এমবেউমোকে দলে ভিড়িয়েছে রেড ডেভিলরা। এবার এই তালিকায় যুক্ত হলো বেঞ্জামিন সিসকোর নাম। প্রতিভাবান এই স্ট্রাইকারকে দলে টানতে বড় অঙ্কের অর্থ খরচ করতে হয়েছে তাদের।
বুন্দেসলিগার ক্লাব আরবি লাইপজিগ থেকে বেঞ্জামিন সিসকোকে দলে ভেড়াল ম্যানচেস্টার ইউনাইটেড। এই ২২ বছর বয়সীকে দলে পেতে ৭৩.৭ মিলিয়ন পাউন্ড (প্রায় ১,২০৩ কোটি ২২ লাখ টাকা) খরচ করতে হয়েছে তাদের।
পাঁচ বছরের চুক্তিতে ওল্ড ট্রাফোর্ডে আসছেন সিসকো। এর জন্য লাইপজিগ এককালীন পাচ্ছে ৬৬.৩ মিলিয়ন পাউন্ড (১ হাজার ৮২ কোটি টাকারও বেশি), বুন্দেসলিগার ক্লাবটি বাকি অর্থ বেশকিছু শর্তপূরণ হলে তবেই পাবে।
চলতি মৌসুমে তৃতীয় গুরুত্বপূর্ণ খেলোয়াড় হিসেবে সিসকোকে দলে ভেড়াল ম্যানচেস্টার ইউনাইটেডে। এর আগে ম্যাথিয়াস কুনিয়াকে ৬২.৫ মিলিয়ন পাউন্ড এবং ব্রায়ান এমবেউমোকে ৬৫ মিলিয়ন পাউন্ডে দলে ভিড়িয়েছে, কিছু শর্ত পূরণ সাপেক্ষে দ্বিতীয় জনের মূল্য বাড়তে পারে আরও ৬ মিলিয়ন।
২২ বছর বয়সী এই স্লোভেনিয়ানকে দলে ভেড়ানোর দৌড়ে ছিল প্রিমিয়ার লিগের আরেক ক্লাব নিউক্যাসল ইউনাইটেডও। কিন্তু তিনি রুবেন আমোরিমের দলকেই বেছে নিলেন।
গত মৌসুমে ম্যানচেস্টার ইউনাইটেড পনেরোতম হওয়ায় এই মৌসুমে ইউরোপিয়ান কোনো প্রতিযোগিতায় জায়গা করে নিতে ব্যর্থ হয়েছে। অন্যদিকে পঞ্চম স্থানে শেষ করার পাশাপাশি ইংলিশ ফুটবল লিগ জেতায় নিউক্যাসল এই মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগে খেলবে।
থিয়েটার অব ড্রিমে যোগ দিয়ে সিসকো বলেন, 'ম্যানচেস্টার ইউনাইটেডের ইতিহাস অবশ্যই বিশেষ কিছু, তবে আমাকে যা রোমাচনিত করেছে তা হচ্ছে ভবিষ্যৎ।'
তিনি যোগ করেন, 'যখন আমরা প্রকল্প নিয়ে আলোচনা করেছিলাম, তখনই স্পষ্ট ছিল যে এই দলটির আবারও বড় বড় শিরোপা জেতার জন্য বেড়ে ওঠা ও প্রতিদ্বন্দ্বিতা চালিয়ে যেতে সবকিছু করতে প্রস্তুত। আমি এখানে আসার মুহূর্ত থেকেই ক্লাবের তৈরি করা ইতিবাচক পরিবেশ এবং পারিবারিক আবহ অনুভব করেছি। এটি স্পষ্টতই আমার সর্বোচ্চ স্তরে পৌঁছানো এবং আমার সব স্বপ্ন পূরণ করার জন্য উপযুক্ত জায়গা। আমি রুবেনের কাছ থেকে শেখা শুরু করতে এবং সতীর্থদের সঙ্গে যুক্ত হয়ে আমরা সবাই যে সাফল্যের সক্ষম, তা একসঙ্গে অর্জন করার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছি।'