জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. মো. মোখলেস উর রহমান বলেছেন, সাহস করে সত্য কথা বলার মানুষ না থাকলে দেশে কোনো সংস্কার ফলপ্রসূ হবে না। দলাদলির বাইরে থেকে দায়িত্ব পালনের চর্চা করতে হবে। পক্ষপাতিত্বের ঊর্ধ্বে উঠতে না পারলে বিতর্ক তৈরি হবে, সংকীর্ণতা জাতিকে পিছিয়ে দেবে। দায়িত্ব পালনের ক্ষেত্রে জনগণের স্বার্থ অগ্রাধিকার পাবে। রাষ্ট্রীয় স্বার্থ রক্ষাকারী না থাকলে সাধারণ মানুষের কোনো আশ্রয়স্থল থাকবে না।
মঙ্গলবার (১২ আগস্ট) দুপুরে খুলনা জেলা শিল্পকলা একাডেমি অডিটোরিয়ামে খুলনা বিভাগের বিভাগীয় কর্মকর্তা, জেলা প্রশাসক, উপজেলা নির্বাহী অফিসার, সহকারী কমিশনার (ভূমি) ও সুধীজনের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সিনিয়র সচিব আরও বলেন, যোগ্যতা ও দক্ষতা নিয়ে কাজ করলে কর্তৃপক্ষ আপনাকে খুঁজে নিতেই বাধ্য হবে। সাহস ও সততা থাকলে জীবনের পরীক্ষায় উতরে যাওয়া যায়। গণঅভ্যুত্থানের পর বোধোদয় হয়েছে, এখন সীমাবদ্ধতা খুঁজে তা অতিক্রম করতে হবে। আগামী জাতীয় নির্বাচন অবাধ ও সুষ্ঠুভাবে আয়োজনে সবাইকে মানসিকভাবে প্রস্তুত থাকতে হবে। নির্বাচনকে গৌরবময় পর্যায়ে নিয়ে যেতে হবে—আমাদের সফল হওয়ার বিকল্প নেই।
সভায় সভাপতিত্ব করেন খুলনার বিভাগীয় কমিশনার মো. ফিরোজ সরকার। ধন্যবাদ জ্ঞাপন করেন জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম।
মুক্ত আলোচনায় খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. রেজাউল করিম, খুলনা নৌ অঞ্চলের কমান্ডার রিয়ার এডমিরাল গোলাম সাদেক, পুলিশের রেঞ্জ ডিআইজি মো. রেজাউল হক, মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. জুলফিকার আলী হায়দার প্রমুখ বক্তব্য রাখেন।