নরসিংদীর করিমপুরে সন্ত্রাস-চাঁদাবাজি-মাদকের বিরুদ্ধে আল ইহসান ও তরুণ কাফেলার বিক্ষোভ সমাবেশ

Date: 2025-08-14
news-banner

নরসিংদী প্রতিনিধি:


দেশব্যাপী চলমান সন্ত্রাস, চাঁদাবাজি, মাদক কারবার এবং হত্যাকাণ্ডের প্রতিবাদে নরসিংদী সদর থানার করিমপুর ইউনিয়নে এক বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ১৩ আগস্ট ২০২৫, বুধবার আয়োজিত এই জনসচেতনতামূলক সমাবেশের আয়োজন করে জেলার অন্যতম সামাজিক ও ধর্মভিত্তিক সংগঠন ‘আল ইহসান ওলামা পরিষদ’ ও ‘তরুণ কাফেলা’।

বিকেলে করিমপুরের কেন্দ্রস্থলে আয়োজিত এই সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হেফাজতে ইসলাম নরসিংদী জেলার সভাপতি, ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত সদর আসনের প্রার্থী এবং আল ইহসানের প্রধান উপদেষ্টা মাওলানা শওকত হুসেন সরকার।

সমাবেশে সভাপতিত্ব করেন আল ইহসান ও তরুণ কাফেলার কেন্দ্রীয় সভাপতি এবং হেফাজতে ইসলাম যাত্রাবাড়ী থানার সিনিয়র সহ-সভাপতি ও খতিব মুফতী ছাকিবুল ইসলাম কাসেমী।

প্রধান অতিথির বক্তব্যে মাওলানা শওকত হুসেন সরকার বলেন, “সমাজে যারা মাদকাসক্ত, চাঁদাবাজ ও সন্ত্রাসে লিপ্ত- তাদের অনেকেই আমাদের আত্মীয়, প্রতিবেশী। কাউন্সেলিং, ওয়াজ-নসিহত ও মানবিক প্রচেষ্টার মাধ্যমে তাদের সুপথে ফিরিয়ে আনতে হবে। তবে প্রয়োজনে প্রশাসনের সহায়তায় কঠোর অবস্থান গ্রহণ করাও জরুরি। সমাজকে অপরাধমুক্ত করতে হলে নেতৃত্ব দিতে হবে আল্লাহভীরু, সৎ ও ধর্মপরায়ণ মানুষদের হাতে।”

সভাপতির বক্তব্যে মুফতী ছাকিবুল ইসলাম কাসেমী বলেন, “ঐতিহ্যবাহী করিমপুর ইউনিয়ন একটি শান্তিপূর্ণ অঞ্চল। এখানকার পরিবেশ কোনো অবস্থাতেই সন্ত্রাসী কিংবা দুষ্কৃতকারীর দ্বারা ধ্বংস হতে দেওয়া হবে না। অপরাধীর কোনো দলীয় পরিচয় নেই- তার একটাই পরিচয়: সে অপরাধী। তাই সমাজকে আলোর পথে ফিরিয়ে আনতে হবে ইসলামী নেতৃত্বের হাত ধরে।”

বিশেষ অতিথি আল ইহসানের কেন্দ্রীয় নেতা মাওলানা ফায়সাল কাজী বলেন, “আমাদের বড় ভুল হলো, আমরা সমাজকে সন্ত্রাসমুক্ত করতে গিয়ে সন্ত্রাসীর হাতেই নেতৃত্ব তুলে দিই। মাদকমুক্ত সমাজ গড়ার চেষ্টা করতে গিয়ে ক্ষমতা দিই মাদকাসক্তের হাতে। এ ধারাকে পাল্টাতে হলে আমাদের ঈমানদার, খোদাভীরু ও নীতিবান নেতৃত্ব প্রতিষ্ঠা করতে হবে।”

এছাড়াও সমাবেশে বক্তব্য রাখেন- আল ইহসানের সিনিয়র সহ-সভাপতি মুফতী আব্দুল কাদের, সাধারণ সম্পাদক মাওলানা মোয়াজ্জেম হুসেন, কেন্দ্রীয় দায়িত্বশীল হাফেজ মুহিব্বুল্লাহ, মাওলানা আবুল বাশার, মাওলানা হুসাইন, মুফতী গোলাম কিবরিয়া, করিমপুর ইউনিয়ন জামায়াতে ইসলামের সভাপতি মো. স্বজল, বিশিষ্ট সমাজসেবক মাওলানা তাজুল ইসলাম ও রুহুল আমীন ফরাজী প্রমুখ।

সমাবেশটি সঞ্চালনা করেন আল ইহসান ও তরুণ কাফেলার কেন্দ্রীয় নেতা মুফতী সেলিম মোল্লা।

এলাকার সর্বস্তরের মানুষের সরব উপস্থিতি ও ব্যাপক সমর্থনের মাধ্যমে অনুষ্ঠানটি শেষ হয় মাগরিবের নামাজের পূর্বে দোয়া মাহফিলের মধ্য দিয়ে।
সমাজ থেকে অপরাধ ও সন্ত্রাস নির্মূলের দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে আয়োজকরা ভবিষ্যতেও এ ধরনের কর্মসূচি অব্যাহত রাখার ঘোষণা দেন।

Leave Your Comments