জাহ্নবীর সঙ্গে মন্দিরে সিদ্ধার্থ, দিলেন বিশেষ বার্তা!

Date: 2025-08-15
news-banner

ভারতের তিরুমালা মন্দিরে একসঙ্গে দেখা গেল বলিউড অভিনেতা সিদ্ধার্থ মালহোত্রা ও অভিনেত্রী জাহ্নবী কাপুরকে। মন্দিরে একসঙ্গে পূজা শেষে ভক্তদের উদ্দেশে বিশেষ বার্তা দিলেন অভিনেতা।


ভারতীয় সংবাদমাধ্যম সংবাদ প্রতিদিনের প্রতিবেদন থেকে জানা যায়, গত ১৩ আগস্ট ছিল বলিউড অভিনেত্রী শ্রীদেবীর জন্মবার্ষিকী। মায়ের মৃত্যু হলেও জাহ্নবী মনে করেন সব সময় শ্রীদেবী তার পাশেই রয়েছেন। তাই প্রতিবছর মায়ের বিশেষ দিনটিতে মন্দিরে পূজা দেন জাহ্নবী।

 
এবার তার মন্দিরে যাওয়ার সঙ্গী ছিলেন বলিউড অভিনেতা সিদ্ধার্থ। সে কথা অভিনেতা নিজেই জানেন তার ব্লগে। মন্দিরে পূজা দেয়ার মুহূর্তের একটি ভিডিও প্রকাশ করেন।
 
ভিডিওতে সিদ্ধার্থ বলেন,

প্রথমবার আমি এই মন্দিরে এসেছি। জাহ্নবী প্রতি বছর এখানে আসে। তবে এ বছর আমার ‘সুন্দরী’ আমাকে এখানে নিয়ে এসেছে।

 


 
এরপরই মুক্তি প্রতীক্ষিত নতুন সিনেমা প্রসঙ্গে সিদ্ধার্থ বলেন,

আমরা আমাদের ‘পরম সুন্দরী’ ছবির জন্য সবটা উজাড় করে দিয়েছি। আপনাদের যাতে ছবিটি ভালো লাগে তার জন্যই আমাদের এত পরিশ্রম। আমরা ইতিমধ্যেই ছবির ট্রেলার ও গান দর্শকের কেমন লেগেছে তার একটা রিভিউ পেয়েছি। এতটা ভালোবাসা আমাদের দেয়ার জন্য অনেক ধন্যবাদ।

 

 
‘পরম সুন্দরী’ সিনেমার গল্প গড়ে উঠেছে পরম ও সুন্দরী- এ দুই চরিত্রকে কেন্দ্র করে। সিনেমায় দেখা যাবে বিস্তর পার্থক্য থাকার পরও একে অন্যের প্রেমে পড়েন তারা। এক পর্যায় তাদের সম্পর্কে আসে দূরত্ব ও মান-অভিমানের পালা। শেষ পর্যন্ত তাদের জীবনে কী হয় তাই নিয়ে এগিয়ে যাবে গল্প। আগামী ২৯ আগস্ট মুক্তি পাওয়ার কথা রয়েছে বলিউডের নতুন এ সিনেমা।

Leave Your Comments