যুক্তরাষ্ট্রকে শশী থারুর ‘অন্যায়ের প্রতি নম্র হওয়ার চেয়ে অবাধ্য হওয়া অনেক ভালো’

Date: 2025-08-15
news-banner

বাণিজ্য আলোচনা নিয়ে ভারত বিষয়ে মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্টের মন্তব্যের পাল্টা জবাব দিয়েছেন ভারতের কংগ্রেস দলীয় সদস্য শশী থারুর।


এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, গত মঙ্গলবার (১২ আগস্ট) ফক্স বিজনেসকে দেয়া সাক্ষাৎকারে মার্কিন অর্থমন্ত্রী বেসেন্ট ভারতকে বাণিজ্য আলোচনায় ‘কিছুটা জেদি’ বলে অভিহিত করেন।

 
আগামী অক্টোবরের মধ্যে সব শুল্ক ও বাণিজ্য চুক্তি নিয়ে করা এক প্রশ্নের জবাবে বেসেন্ট বলেন, ‘আমি মনে করি আমরা একটি ভালো অবস্থানে আছি। তবে কিছু বড় অর্থনীতির দেশের সঙ্গে বাণিজ্য চুক্তি হয়নি। তাদের মধ্যে সুইজারল্যান্ড আছে, ভারতও বাণিজ্য আলোচনায় কিছুটা জেদি।
 
 
মার্কিন অর্থমন্ত্রীর এই মন্তব্যে কড়া প্রতিক্রিয়া জানিয়েছেন কংগ্রেসের সংসদ সদস্য শশী থারুর। বৃহস্পতিবার এক্স হ্যান্ডেলে দেয়া পোস্টে তিনি লেখেন,

আমি শুনেছি কিছু লোক ভারতকে ‘কিছুটা জেদি’ বলে অভিযোগ করছে। আমি বলব, অন্যায়ের প্রতি নম্র, বিনয়ী বা সহানুভূতিশীল হওয়ার চেয়ে অবাধ্য হওয়া অনেক ভালো।

 

মার্কিন অর্থমন্ত্রী স্বীকার করেছেন বাণিজ্য চুক্তি সম্পন্ন করার সময়সীমা ‘উচ্চাকাঙ্ক্ষী’ হলেও, মার্কিন বাণিজ্য প্রতিনিধি জেমিসন গ্রিয়ারের নেতৃত্বে চুক্তি চূড়ান্ত করার জন্য কাজ চলমান রয়েছে। তিনি বলেন, তারা সব গুরুত্বপূর্ণ দেশের সাথে উল্লেখ্যযোগ্য শর্তে একমত হয়েছে।

এদিকে বুধবার ব্লুমবার্গ টিভির সাথে এক সাক্ষাৎকারে বেসেন্ট বলেন, ‘রাশিয়ান তেল কেনার কারণে আমরা ভারতের ওপর ওপর সেকেন্ডারি শুল্ক আরোপ করেছি। আলাস্কায় ট্রাম্প ও পুতিনের বৈঠকে যদি ফল ভালো না হয়, তাহলে নিষেধাজ্ঞা বা সেকেন্ডারি শুল্ক আরও বাড়তে পারে।’

 

 
চলতি মাসের শুরুতে রাশিয়া থেকে তেল ও অস্ত্র কেনার জন্য ট্রাম্প প্রশাসন ভারতের ওপর ২৫ শতাংশ জরিমানা আর বিদ্যমান ২৫ শতাংশ শুল্ক আরোপ করেছে।
 
প্রতিক্রিয়ায় ভারত জানিয়েছে, নয়াদিল্লির ওপর অতিরিক্ত শুল্ক ‘অন্যায়, অযৌক্তিক এবং অপ্রয়োজনীয়। দেশটি জানিয়েছে, জাতীয় স্বার্থ রক্ষায় তারা প্রয়োজনীয় সব পদক্ষেপ নেবে।

Leave Your Comments