নেত্রকোনার মোহনগঞ্জে সাত বছরের শিশু শিক্ষার্থীকে ধর্ষণের দায়ে রহমত আলী নামে এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দিয়েছেন নেত্রকোনা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালত।
একইসঙ্গে ৫০ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে আরও ২ বছরের কারাদণ্ড দেয়া হয়।
বুধবার (২০ আগস্ট) দুপুরে জনাকীর্ণ আদালতে আসামির উপস্থিতিতে এ রায় দেন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক জেলা ও দায়রা জজ ড. এ কে এম এমদাদুল হক। ৮ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে অপরাধ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় আদালত এ রায় দেন।
মাামলার সংক্ষিপ্ত বিবরণে জানা গেছে, গত ২০১২ সালের ৩ মে সকালে মোহনগঞ্জে একটি বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠ থেকে তুলে নিয়ে প্রথম শ্রেণির শিশু শিক্ষার্থীকে শ্রেণিকক্ষে ধর্ষণ করে। শিশুটি অসুস্থ হয়ে বাড়ি গেলে তাকে হাসপাতালে নেয়া হয়।
পরে এ ঘটনায় শিশুর মা বাদী হয়ে পরদিন মোহনগঞ্জ থানায় মাইজহাটি গ্রামের মৃত ইয়াদ আলীর ছেলে বিদ্যালয় এলাকার রহমত আলীকে আসামি করে মামলা দায়ের করেন। পুলিশ তদন্ত শেষ পরের বছর এপ্রিল মাসের ১০ তারিখে আদালতে চূড়ান্ত চার্জশিট দাখিল করলে দীর্ঘ শুনানি শেষে আদালত এ রায় দেন।