শেখ রাসেল, আশুলিয়া প্রতিনিধি
আশুলিয়ার বাইপাইল এলাকায় নকল সিগারেটের অবৈধ সাম্রাজ্যে যৌথ বাহিনীর অভিযানে আঘাত হানল রাষ্ট্রশক্তি। গত ২০ আগস্ট (বুধবার) বিকাল চারটার দিকে সেনাবাহিনীর জামগড়া আর্মি ক্যাম্পের একটি নিয়মিত টহল দল বাইপাইল বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে ৪ লাখ ২৮ হাজার টাকার সমপরিমাণ নকল সিগারেটসহ দুই চোরাকারবারিকে গ্রেফতার করে। পরে জব্দকৃত সব অবৈধ মালামাল আশুলিয়া থানায় হস্তান্তর করা হয়।
গ্রেফতারকৃত ব্যক্তিরা হলেন:
১. মোঃ সাইফুল ইসলাম (৫৫), পিতা: মৃত আব্দুল গফুর, সাং: কয়রা, থানা: ধনবাড়ী, জেলা: টাঙ্গাইল। বর্তমান ঠিকানা: ডেন্ডাবর, আশুলিয়া, বাবু সরকারের বাড়ির ভাড়াটিয়া।
২. মেহেদী হাসান (২২), পিতা: আতিকুর রহমান, সাং: কয়রা, থানা: ধনবাড়ী, জেলা: টাঙ্গাইল।
অভিযানে বিপুল পরিমাণ সিগারেট উদ্ধার করা হয় যেগুলোর গায়ে নকল ও নিষিদ্ধ রাজস্ব লেবেল সুকৌশলে বসানো ছিল। এই কর্মকাণ্ড শুধু কর ফাঁকির প্রতিচ্ছবি নয়, বরং জনস্বাস্থ্য ও জাতীয় অর্থনীতির বিরুদ্ধে এক সুপরিকল্পিত অপরাধ।
এ বিষয়ে আশুলিয়া থানার এসআই মনজুরুল ইসলাম বলেন,
> “উদ্ধার করা সিগারেটগুলোর গায়ে থাকা রাজস্ব লেবেলসমূহ ছিল ভুয়া। এই ঘটনায় আটক দু’জনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন। তদন্তে আরও বড় চক্রের সন্ধান মিলতে পারে।”
বিশেষজ্ঞ মহলের মতে, এ ধরনের নকল পণ্যের বাজারজাতকরণ শুধু বৈধ ব্যবসার ঘাড়ে ছুরি চালানো নয়, বরং রাজস্বখাতে রাষ্ট্রের মুখে চপেটাঘাত। ফলে এই অভিযান কেবল দুটি গ্রেফতারে সীমাবদ্ধ নয়, বরং এটি একটি বৃহৎ চক্র উন্মোচনের সম্ভাবনাময় সূচনা।
নকলের ছায়ায় ছায়াছন্ন সিগারেটের এই অন্ধ বাণিজ্য যেন আর না পুঁজি করে সমাজবিরোধীরা- এ প্রত্যাশা নিয়েই নতুন করে জেগে উঠেছে আইনশৃঙ্খলা বাহিনীর সচেতন পদক্ষেপ।