আশরাফুল আলম, ক্রাইম রিপোর্টার:
রাজধানীর মোহাম্মদপুরের ঢাকা উদ্যান এলাকা থেকে কুখ্যাত সন্ত্রাসী ‘রক্তচোষা জনি’ চক্রের অন্যতম সহযোগী ‘রগকাটা সুমন’কে গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার (১৮ অক্টোবর) রাতে গোপন সংবাদের ভিত্তিতে মোহাম্মদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) কাজী রফিক আহমেদের নেতৃত্বে পরিচালিত বিশেষ অভিযানে তাকে আটক করা হয়।
ওসি কাজী রফিক আহমেদ জানান, গ্রেপ্তারকৃত রগকাটা সুমন ওরফে চায়না সুমন দীর্ঘদিন ধরে এলাকায় সন্ত্রাস, চাঁদাবাজি, ছিনতাই, ও মাদক কারবারে জড়িত ছিল। সম্প্রতি ঢাকা উদ্যান এলাকার এক ব্যবসায়ীকে কুপিয়ে গুরুতর আহত করার ঘটনায় জনি ও তার সহযোগীদের নাম উঠে আসে। একই চক্র সম্প্রতি এক নারীকে কুপিয়ে আহত করার অভিযোগেও অভিযুক্ত।
থানার সূত্রে জানা গেছে, সুমনের বিরুদ্ধে অস্ত্র, ডাকাতির প্রস্তুতি, দ্রুত বিচার আইন ও মাদক আইনে একাধিক মামলা রয়েছে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
স্থানীয়দের অভিযোগ, ‘রক্তচোষা জনি’ ও তার সহযোগীদের তৎপরতায় এলাকায় দীর্ঘদিন ধরে আতঙ্ক বিরাজ করছে। পুলিশ বলছে, চক্রের অন্যান্য সদস্যদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।