ত্রুটি কাটিয়ে আবার ছুটছে মেট্রোরেল

Date: 2025-10-26
news-banner

ফার্মগেটে মেট্রোরেলের বিয়ারিং প্যাড পড়ে নিহত পথচারী, আংশিকভাবে চালু ট্রেন চলাচল
ঢাকা, ২৬ অক্টোবর:
রাজধানীর ফার্মগেটে মেট্রোরেলের একটি বিয়ারিং প্যাড পড়ে এক পথচারী নিহত হওয়ার ঘটনায় কারিগরি ও যান্ত্রিক ত্রুটির কারণে মেট্রোরেল চলাচল সাময়িকভাবে বন্ধ রাখা হয়। পরবর্তীতে ধাপে ধাপে আংশিকভাবে ট্রেন চলাচল স্বাভাবিক করে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)।

রোববার (২৬ অক্টোবর) বিকেল ৩টা থেকে উত্তরা উত্তর থেকে আগারগাঁও পর্যন্ত মেট্রোরেল সেবা চালু করা হয়। এরপর সন্ধ্যা সোয়া ৭টায় মতিঝিল থেকে শাহবাগ পর্যন্ত ট্রেন চলাচল পুনরায় শুরু হয় বলে ডিএমটিসিএল এক বিজ্ঞপ্তিতে জানায়।

সংস্থাটি জানায়, “সম্মানিত যাত্রীগণের চলাচলে সাময়িক অসুবিধার জন্য মেট্রোরেল কর্তৃপক্ষ আন্তরিকভাবে দুঃখিত। এই অনাকাঙ্ক্ষিত পরিস্থিতিতে ধৈর্যধারণ ও সহযোগিতার জন্য যাত্রীসাধারণের প্রতি অনুরোধ করা হলো।”

এর আগে দুপুরে ফার্মগেট এলাকায় মেট্রোরেলের একটি বিয়ারিং প্যাড খুলে নিচে পড়ে এক পথচারীর মৃত্যু হয়। প্রত্যক্ষদর্শীরা জানান, ওই ব্যক্তি ফার্মগেট মোড়ে রাস্তা পার হওয়ার সময় ওপর থেকে ভারী বিয়ারিং প্যাড মাথায় পড়ে গুরুতর আহত হন। স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঘটনার পরপরই নিরাপত্তাজনিত কারণে পুরো মেট্রোরেল সেবা বন্ধ রাখা হয় বলে জানা গেছে।

এর আগে, গত ১৮ সেপ্টেম্বর খামারবাড়ি এলাকায়ও মেট্রোরেলের একটি পিলার থেকে বিয়ারিং প্যাড খুলে পড়ার ঘটনা ঘটে। সেই সময় আগারগাঁও থেকে মতিঝিল পর্যন্ত ট্রেন চলাচল বন্ধ ছিল প্রায় ১১ ঘণ্টা।

বিশেষজ্ঞদের মতে, বিয়ারিং প্যাড বড় সেতু বা উড়ালপথ নির্মাণে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ উপাদান। এটি বিশেষ ধরনের রাবার দিয়ে তৈরি, যা উড়ালপথের ওপরের কাঠামো থেকে আসা চাপ সরাসরি পিলারে না ফেলে মাটিতে সঞ্চারিত করে। প্রতিটি প্যাডের ওজন প্রায় ১৪০ থেকে ১৫০ কেজি পর্যন্ত হয়ে থাকে। মেট্রোরেল প্রকল্পেও একই ধরনের বিয়ারিং প্যাড ব্যবহার করা হয়েছে।

Leave Your Comments