ফুটবলের রাজা মেসির চোখে অন্য খেলার সম্রাটরা

Date: 2025-10-28
news-banner

ফুটবলে মেসি নিজেই এক কিংবদন্তি, অন্য খেলায় কাদের চোখে তিনি সেরাদের সেরা
ফুটবলে তিনি নিজেই এক জীবন্ত কিংবদন্তি। আটবারের ব্যালন ডি’অরজয়ী লিওনেল মেসি—যিনি কোটি ভক্তের কাছে ‘সর্বকালের সেরা’। কিন্তু তাঁর চোখে অন্য খেলাগুলোর GOAT (Greatest of All Time) কারা? সেটিই জানালেন ইন্টার মায়ামির আর্জেন্টাইন সুপারস্টার।

আমেরিকান সংবাদমাধ্যম NBC নাইটলি নিউজ-এর সঙ্গে এক খোলামেলা সাক্ষাৎকারে মেসি বলেন,

“আমাদের আর্জেন্টাইনদের জন্য ম্যারাডোনা ছিলেন সর্বোচ্চ অনুপ্রেরণা, শ্রদ্ধা ও আবেগের প্রতীক। ছোটবেলায় আমি তাকে সরাসরি খেলতে দেখেছি। ডিয়েগো এমন এক জাদু তৈরি করেছিলেন, যা সব কিছুকে ছাড়িয়ে গিয়েছিল।”
২০২২ সালের কাতার বিশ্বকাপ জয়ের পরও সেই আবেগ ফুটে উঠেছিল মেসির কণ্ঠে। চোখে জল নিয়ে তিনি বলেছিলেন,

“আমি চেয়েছিলাম, ডিয়েগো যেন এই কাপটা আমাকে দেন। অন্তত এই সাফল্যটা যেন তাঁর চোখে দেখতেন। কিন্তু আমি জানি, ওপর থেকে তিনি আমাদের সঙ্গে ছিলেন।”

ফুটবলের বাইরে মেসির প্রেরণা কারা?

ফুটবলের সীমানা পেরিয়ে অন্য খেলাতেও মেসির চোখে এক ঝাঁক কিংবদন্তি।
তিনি বলেন,

“বাস্কেটবলে অবশ্যই [মাইকেল] জর্ডান আমার প্রিয়। আর টেনিসে আমি গভীর শ্রদ্ধা করি [রজার] ফেদেরার, [রাফায়েল] নাদাল ও [নোভাক] জকোভিচকে।”
মেসির ভাষায়,

“এই তিনজন টেনিসকে এক ভিন্ন উচ্চতায় নিয়ে গেছেন। এত দীর্ঘ সময় ধরে সেরাদের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা—এটাই তাদের খেলাকে আরও মহিমান্বিত করেছে। আর বাস্কেটবলে [লেব্রন] জেমস ও [স্টিফেন] কারির মতো খেলোয়াড়রাও অসাধারণ—প্রত্যেকে নিজেদের খেলায় বিপ্লব এনেছেন।”

মেসির শ্রদ্ধা ও বন্ধুত্বের গল্প

২০২২ সালে যখন রজার ফেদেরার অবসরের ঘোষণা দেন, তখন ইনস্টাগ্রামে মেসি লিখেছিলেন,

“টেনিস ইতিহাসের এক অনন্য প্রতিভা, যিনি যেকোনো ক্রীড়াবিদের জন্য অনুপ্রেরণা। আমরা তোমাকে কোর্টে দেখতে ভীষণভাবে মিস করব।”
এর কিছুদিন পর মেসি ও তাঁর পরিবারকে দেখা যায় মায়ামি ওপেনে। সেদিন নোভাক জকোভিচ গ্রিগর দিমিত্রভকে হারিয়ে ফাইনালে ওঠেন। ম্যাচ শেষে জকোভিচ ও মেসির মধ্যে হয় উষ্ণ আলিঙ্গন, উপহার বিনিময় হয় স্বাক্ষরিত জার্সিতে।

জকোভিচ পরে বলেন,

“মেসিকে সামনে থেকে দেখা, খেলতে দেখানো—অসাধারণ এক অভিজ্ঞতা। আমরা দুজনই ১৯৮৭ সালে জন্মেছি। তাঁর উপস্থিতি আমার কাছে গর্বের বিষয়।”

Leave Your Comments