রাজশাহীতে ‘পল্টন হত্যাকাণ্ড’ দিবস উপলক্ষে জামায়াতের বিক্ষোভ সমাবেশ বাংলাদেশ জামায়াতে ইসলামী রাজশাহী মহানগরীর উদ্যোগে রাজধানীর পল্টনে ২০০৬ সালের ২৮ অক্টোবর সংঘটিত ঘটনাকে ‘পল্টন হত্যাকাণ্ড’ হিসেবে আখ্যা দিয়ে খুনিদের বিচারের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৮ অক্টোবর) বিকেল ৪টায় নগরীর গণকপাড়া মোড়ে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে এ সমাবেশ আয়োজন করে মহানগর জামায়াত।
সমাবেশ শেষে ২০০৬ সালের ২৮ অক্টোবরের ঘটনাকে কেন্দ্র করে নির্মিত একটি তথ্যচিত্র ও প্রামাণ্যচিত্র (ডকুমেন্টারি) প্রদর্শন করা হয়।
বক্তারা বলেন, ২০০৬ সালের ওই দিনের ঘটনা বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এক “কলঙ্কজনক অধ্যায়” হিসেবে বিবেচিত। রাজধানীর বায়তুল মোকাররম এলাকায় সংঘটিত সহিংসতায় জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবিরের কয়েকজন নেতাকর্মী নিহত হন।
তারা আরও বলেন,
“লগি-বৈঠার তাণ্ডবের বিচার একদিন বাংলার মাটিতেই হবে। রাজনৈতিক মতবিরোধের নামে প্রকাশ্য দিবালোকে যেভাবে প্রাণহানি ঘটেছিল, তা দেশের ইতিহাসে এক বিরল ও মর্মান্তিক অধ্যায়।” বক্তাদের মতে, সেদিনের সহিংসতা দেশ-বিদেশের বিবেকবান মানুষকে নাড়া দিয়েছিল এবং রাজনৈতিক সহনশীলতার অভাবের ভয়াবহ দৃষ্টান্ত তৈরি করেছিল।
সমাবেশে সভাপতিত্ব করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও রাজশাহী মহানগর আমির ড. মাওলানা কেরামত আলী। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মহানগর সেক্রেটারি ইমাজ উদ্দিন মণ্ডল।
এ সময় বক্তব্য দেন মহানগর জামায়াতের নায়েবে আমির অ্যাডভোকেট আবু মুহাম্মদ সেলিম, নায়েবে আমির ও রাজশাহী সদর-২ আসনের মনোনীত প্রার্থী ডা. মোহাম্মদ জাহাঙ্গীর, সহকারী সেক্রেটারি অধ্যক্ষ মাহবুবুল আহসান বুলবুল, সাংগঠনিক সম্পাদক জসিম উদ্দিন সরকার, রাজশাহী-৩ আসনের মনোনীত প্রার্থী অধ্যাপক আবুল কালাম আজাদ, অফিস সম্পাদক তৌহিদুর রহমান সুইট, যুব বিভাগের সেক্রেটারি সালাউদ্দিন আহমেদ, তারবিয়াত সেক্রেটারি হাফেজ নুরুজ্জামান, এবং সহকারী প্রচার ও মিডিয়া সম্পাদক মোস্তাফিজুর রহমান আশু প্রমুখ।