জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ২০২৫-২৬ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) ও বিবিএ প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা পরিচালনা, ভর্তি কার্যক্রমের সার্বিক তদারকি এবং প্রয়োজনীয় নীতিমালা প্রণয়নের জন্য ১০ সদস্যবিশিষ্ট ‘কেন্দ্রীয় ভর্তি কমিটি’ গঠন করা হয়েছে।
নবগঠিত কমিটিতে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. রেজাউল করিমকে সভাপতি হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। সোমবার (৩ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (রুটিন দায়িত্ব) অধ্যাপক ড. শেখ রফিকুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তি অনুযায়ী, কমিটির সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. শেখ গিয়াস উদ্দিন। অন্যান্য সদস্যরা হলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার, কলা অনুষদের ডিন, বিজনেস স্টাডিজ অনুষদের ডিন, বিজ্ঞান অনুষদের ডিন, সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন, আইন অনুষদের ডিন, লাইফ অ্যান্ড আর্থ সায়েন্স অনুষদের ডিন এবং চারুকলা অনুষদের ডিন।
অফিস আদেশে আরও বলা হয়েছে, গত ২৯ অক্টোবর অনুষ্ঠিত একাডেমিক কাউন্সিলের ৭৫তম (জরুরি) সভার সিদ্ধান্ত অনুযায়ী এ ভর্তি কমিটি গঠন করা হয়েছে।