দীর্ঘ ১৮ বছর পর পাকিস্তানের মাটিতে ওয়ানডে সিরিজ জয়ের লক্ষ্য নিয়ে মাঠে নামছে দক্ষিণ আফ্রিকা। স্বাগতিকদের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে প্রোটিয়ারা। অন্যদিকে, ঘরের মাঠে প্রথমবারের মতো দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওয়ানডে সিরিজ জয়ের স্বপ্ন দেখছে পাকিস্তান। সিরিজের প্রথম ম্যাচটি অনুষ্ঠিত হবে মঙ্গলবার (৪ নভেম্বর) ফয়সালাবাদে, বাংলাদেশ সময় বিকেল ৪টায়।
২০০৭ সালের অক্টোবরে সর্বশেষ পাকিস্তানের মাটিতে দ্বিপক্ষীয় ওয়ানডে সিরিজ জিতেছিল দক্ষিণ আফ্রিকা। এরপর আর কোনো সিরিজ জয় পায়নি তারা। এ বছরের ফেব্রুয়ারিতে পাকিস্তান ও নিউজিল্যান্ডকে নিয়ে অনুষ্ঠিত ত্রিদেশীয় ওয়ানডে সিরিজে অংশ নেয় দক্ষিণ আফ্রিকা, যেখানে চ্যাম্পিয়ন হয় নিউজিল্যান্ড।
১৯৯৪ সাল থেকে পাকিস্তানের মাটিতে ওয়ানডে খেলছে দক্ষিণ আফ্রিকা। এখন পর্যন্ত দু’টি দ্বিপক্ষীয় সিরিজ খেলেছে দুই দল, এবং দুবারই জয় পেয়েছে প্রোটিয়ারা। ২০০৩ ও ২০০৭ সালের পাঁচ ম্যাচের সিরিজ দু’টিতেই ৩–২ ব্যবধানে জয় পায় দক্ষিণ আফ্রিকা।
দীর্ঘ বিরতির পর পাকিস্তানে আবারও দ্বিপক্ষীয় সিরিজ খেলার সুযোগ পেয়েছে দক্ষিণ আফ্রিকা। আগের দুই সিরিজের ধারাবাহিকতা বজায় রেখে এবারও সাফল্যের প্রত্যাশায় দলটি। দলের ভারপ্রাপ্ত অধিনায়ক ম্যাথু ব্রিটস্কি বলেন, “পাকিস্তানের মাটিতে দীর্ঘদিন পর ওয়ানডে সিরিজ খেলার সুযোগ পেয়েছি আমরা। এই সুযোগটিকে স্মরণীয় করে রাখতে চাই। এজন্য সিরিজ জেতাই আমাদের প্রধান লক্ষ্য। ১৮ বছর পর সিরিজ জিততে পারলে সেটি হবে দলের জন্য দারুণ অর্জন।”
এখন পর্যন্ত মোট ৮৭টি ওয়ানডেতে মুখোমুখি হয়েছে দক্ষিণ আফ্রিকা ও পাকিস্তান। এর মধ্যে ৫২ ম্যাচে জয় পেয়েছে দক্ষিণ আফ্রিকা, আর পাকিস্তান জিতেছে ৩৪ ম্যাচে।