তাছলিমা তমাঃ
রাজধানী ঢাকার হাজারীবাগ থানাধীন ষড়কুঞ্জ বিডি স্বপ্ন নিউ এলাকায় ঘরের তালা ভেঙে ভেতরে ঢুকে মূল্যবান মালামাল নিয়ে যাওয়ার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় ক্ষতিগ্রস্ত মোঃ আবদুল কুদ্দুস (৪০), পিতা হাজী মোঃ হানিফ, মাতা মোসাঃ আনোয়ারা বেগম থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি নং: ৮৮৪, তারিখ: ১৬/০৮/২০২৫) করেছেন।
ভুক্তভোগী জানান, ঘটনার দিন সকাল ১০টার দিকে তিনি নিজ বাসা (৮/এ ফ্ল্যাট) থেকে নিচে নামার সময় ৪ তলায় পৌঁছালে স্থানীয় দুই ব্যক্তি — মোঃ নূরল আলম (৪৮) ও মোছাঃ খালেদা ইয়াসমিন (৪৫) —সহ আরও ৩-৪ জন তাঁর প্রতি অশালীন আচরণ ও হুমকি প্রদান করেন। পরবর্তীতে তিনি ফিরে এসে দেখেন, তাঁর ফ্ল্যাটের তালা ভাঙা ও ভেতরের মালামাল এলোমেলো অবস্থায় রয়েছে। অভিযোগ রয়েছে, ঘরের মূল্যবান মালামাল ও আসবাবপত্র চুরি করে নিয়ে গেছে দুর্বৃত্তরা।
ঘটনার পর আবদুল কুদ্দুস বিষয়টি ভবিষ্যৎ আইনি সহায়তার জন্য থানায় সাধারণ ডায়েরি হিসেবে নথিভুক্ত করেন। এ বিষয়ে থানার ডিউটি অফিসার মাহবুব-অর-রশিদ, জিডিটি রেকর্ড করেন বলে জানা গেছে।
স্থানীয়রা জানায়, উক্ত ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। পুলিশ তদন্তের প্রস্তুতি নিচ্ছে বলে জানা গেছে।