কানাডায় ভারতীয় শিক্ষার্থীদের স্টাডি পারমিট ভিসা প্রত্যাখ্যানের হার রেকর্ডে ৭৪%

Date: 2025-11-04
news-banner

কানাডায় পড়াশোনার জন্য আবেদনকারী ভারতীয় শিক্ষার্থীদের স্টাডি পারমিট ভিসা প্রত্যাখ্যানের হার রেকর্ড পরিমাণে বেড়েছে। চলতি বছরের আগস্টে জমা দেওয়া প্রতি চারটি আবেদনের মধ্যে তিনটি বাতিল করেছে কানাডা সরকার। অর্থাৎ, প্রায় ৭৪ শতাংশ ভারতীয় শিক্ষার্থীর আবেদন খারিজ হয়েছে। এই তথ্য জানিয়েছে হিন্দুস্তান টাইমস।


প্রতিবেদনে বলা হয়েছে, একসময় ভারতীয় শিক্ষার্থীদের জন্য কানাডা ছিল অন্যতম জনপ্রিয় গন্তব্য। তবে আন্তর্জাতিক শিক্ষার্থীদের ওপর নতুন বিধিনিষেধ এবং ভিসা বাতিলের উচ্চ হার অনেককে আবেদন থেকে নিরুৎসাহিত করছে।


সরকারি তথ্য অনুযায়ী, ২০২৩ সালের আগস্টে ভিসা বাতিলের হার ছিল ৩২ শতাংশ, যা ২০২৫ সালের আগস্টে বেড়ে ৭৪ শতাংশে দাঁড়িয়েছে। একই সময়ে ভারতীয় আবেদনকারীর সংখ্যা ২০,৯০০ থেকে কমে ৪,৫১৫-এ নেমে এসেছে।


কানাডা সরকার জানিয়েছে, শিক্ষার্থী ভিসা জালিয়াতি ও অস্থায়ী অভিবাসন নিয়ন্ত্রণে রাখতে দেশের আন্তর্জাতিক স্টাডি পারমিটের সংখ্যা দ্বিতীয় দফায় কমিয়েছে। রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৩ সালে প্রায় ১,৫৫০টি জাল ভর্তি স্বীকৃতিপত্র ধরা পড়ে, আর নতুন যাচাইকরণ ব্যবস্থার মাধ্যমে গত বছর আরও ১৪,০০০-এর বেশি জাল নথি শনাক্ত করা হয়।

অটোয়ায় ভারতীয় দূতাবাস জানিয়েছে, তারা ভিসা প্রত্যাখ্যানের হার সম্পর্কে সচেতন, তবে পারমিট অনুমোদনের সিদ্ধান্ত পূর্ণভাবে কানাডার এখতিয়ারভুক্ত। দূতাবাসের বিবৃতিতে আরও বলা হয়, বিশ্বমানের বহু মেধাবী শিক্ষার্থী ভারত থেকে আসে এবং কানাডার বিশ্ববিদ্যালয়গুলো অতীতে তাদের প্রতিভা থেকে উপকৃত হয়েছে।

Leave Your Comments