স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, কোনো রাজনৈতিক দলের নেতাকর্মীদের অনৈতিক বা অবৈধ সুবিধা প্রদান করা হলে পুলিশের বিরুদ্ধে তাৎক্ষণিক আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।
মঙ্গলবার (০৪ নভেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে কোর কমিটির সভা শেষে তিনি এ মন্তব্য করেন। তিনি জানান, ইতোমধ্যেই একটি ইলেক্টোরাল ইনকোয়ারি কমিটি গঠন করা হয়েছে। নির্বাচনী সময়ে যদি পুলিশের মধ্যে কোনো দলকে বিশেষ সুবিধা প্রদান বা অবহেলা (negligent) ধরা পড়ে, সংশ্লিষ্টদের বিরুদ্ধে সরাসরি আইনগত ব্যবস্থা নেয়া হবে — আগে যেখানে সাধারণভাবে জিডি করা হতো, এখন তা সঙ্গে সঙ্গে কার্যকর করা হবে।
স্বরাষ্ট্র উপদেষ্টা আরও বলেন, পুলিশের উদ্দেশ্যে তার নির্দেশ হলো, নির্বাচন হবে ফ্রি, ফেয়ার, ক্রেডিবল ও উৎসবমুখর। যদি পুলিশের কারো অনৈতিক কর্মকাণ্ড ধরা পড়ে, তাকে অবশ্যই আইনের আওতায় আনা হবে।
এক প্রশ্নের জবাবে তিনি বলেন, বিচার বহির্ভূত হত্যা বা অন্য কোনো হত্যাকাণ্ড—সবই আইনের আওতায় আসবে। অবৈধ অস্ত্র সংক্রান্ত প্রশ্নের জবাবে তিনি জানান, লুট হওয়া অস্ত্র দ্রুত উদ্ধারের চেষ্টা চলছে; রাউজানে একটি অপারেশনে অস্ত্র উদ্ধার করা হয়েছে।