বিএনপির প্রার্থী তালিকায় নেই শামসুজ্জামান দুদু: চুয়াডাঙ্গা-১ আসনে শরীফুজ্জামানকে মনোনয়ন

Date: 2025-11-04
news-banner

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৩৭টি আসনে দলীয় প্রার্থী ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। তবে চমক এসেছে কয়েকজন হেভিওয়েট নেতার নাম না থাকায়। তাদের মধ্যে রয়েছেন দলের ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু।


চুয়াডাঙ্গা-১ আসনে মনোনয়ন প্রত্যাশী ছিলেন শামসুজ্জামান দুদু। কিন্তু শেষ পর্যন্ত এই আসনে ধানের শীষ প্রতীক পেয়েছেন মো. শরীফুজ্জামান। ফলে দীর্ঘদিন কেন্দ্রীয় রাজনীতিতে সক্রিয় থাকা দুদুর নাম বাদ পড়ায় সমর্থকদের মধ্যে নানা আলোচনা ও গুঞ্জন শুরু হয়েছে।


গত ৫ আগস্টের পর শামসুজ্জামান দুদুর এক বক্তব্য নিয়ে দলে সমালোচনা হয় এবং তাকে সতর্ক করা হয় বলে জানা গেছে। তবে তার সমর্থকরা ধরে নিয়েছিলেন, তিনি মনোনয়ন পাবেনই।


১৯৯৬ সালের ফেব্রুয়ারির ষষ্ঠ সংসদ নির্বাচনে বিএনপির মনোনয়নে চুয়াডাঙ্গা-১ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন শামসুজ্জামান দুদু। একই বছরের জুনের সপ্তম সংসদ নির্বাচনে আবারও জয় পান তিনি।

ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নকালে ১৯৮৫ ও ১৯৮৬ সালে জাতীয়তাবাদী ছাত্রদলের (জেডিএস) কেন্দ্রীয় সভাপতি ছিলেন তিনি। পরবর্তীতে কৃষক দলের সাধারণ সম্পাদক, বিএনপির কৃষি বিষয়ক সম্পাদক এবং চেয়ারপারসনের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেন। বর্তমানে তিনি বিএনপির ভাইস চেয়ারম্যান পদে রয়েছেন।

Leave Your Comments