ময়মনসিংহে বিএনপির মনোনয়ন বঞ্চনা: ট্রেন অবরোধ করে বিক্ষোভে হিরণের সমর্থকরা

Date: 2025-11-04
news-banner

ময়মনসিংহ-৩ (গৌরীপুর) আসনে ধানের শীষের মনোনয়ন না পাওয়ায় বিক্ষোভে ফেটে পড়েছেন আহাম্মদ তায়েবুর রহমান হিরণের সমর্থকরা। মঙ্গলবার (৪ নভেম্বর) সকালে তারা ঢাকাগামী আন্তঃনগর হাওড় এক্সপ্রেস ট্রেন অবরোধ করে বিক্ষোভ করেন।


সকাল ৯টা ৩৫ মিনিটে গৌরীপুর জংশনে রেলপথে অবরোধ সৃষ্টি করলে ট্রেনটি প্রায় ৩৭ মিনিট আটকে থাকে। পরে রেলওয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে বলে জানান স্টেশন মাস্টার সফিকুল ইসলাম।


মনোনয়ন ঘোষণার পর থেকেই হিরণের সমর্থকরা বিক্ষোভ ও প্রতিবাদ কর্মসূচি পালন করছেন। সোমবার সন্ধ্যায় উপজেলা বিএনপির আহ্বায়ক আহাম্মদ তায়েবুর রহমান হিরণের সমর্থকরা প্রতিবাদ মিছিল করেন।


মঙ্গলবার সকাল ১১টায় পৌর বিএনপির সদস্যসচিব সুজিত কুমার বলেন, “আহাম্মদ তায়েবুর রহমান হিরণকে মনোনয়ন না দিলে আমরা হরতালসহ কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবো।”

এ সময় হিরণের সহধর্মিণী সাইদা মাসরুর আবেগাপ্লুত কণ্ঠে বলেন, “১৭ বছর ধরে স্বামীর সঙ্গে এক রাতও শান্তিতে ঘুমাতে পারিনি। তিনি জেলে ছিলেন, আমি মেয়েকে নিয়ে আন্দোলনে।”


প্রতিবাদ সমাবেশে আরও বক্তব্য দেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক শাহজাহান সিরাজ, উত্তর জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মাজহারুল ইসলাম প্রত্যয়, কলেজ ছাত্রদলের সাবেক সভাপতি শাহজাহান আকন্দ সুমন, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক কামরুল ইসলাম পিয়াস প্রমুখ।

উল্লেখ্য, ময়মনসিংহ-৩ (গৌরীপুর) আসনে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ইঞ্জিনিয়ার এম ইকবাল হোসাইন ধানের শীষ প্রতীক পেয়েছেন।

Leave Your Comments