নিউইয়র্কের নতুন মেয়র জোহরান মামদানি ইতিহাস গড়লেন। মাত্র ৩৪ বছর বয়সে তিনি শহরের প্রথম মুসলিম মেয়র হিসেবে নির্বাচিত হয়েছেন। গত এক শতাব্দীতে তার চেয়ে কম বয়সী মেয়রও আর আসেনি।
ডেমোক্রেটিক সমাজতান্ত্রিক এই তরুণ রাজনীতিক সাবেক গভর্নর অ্যান্ড্রু কুয়োমো ও রিপাবলিকান কার্টিস স্লিওয়াকে হারিয়ে বড় ব্যবধানে জয় পেয়েছেন।
জয়ের পর ব্রুকলিনে বিজয় সমাবেশে মামদানি সমর্থকদের উদ্দেশে বলেন,
“বন্ধুরা, আমরা আজ একটি রাজনৈতিক রাজবংশকে পরাজিত করেছি। আমি অ্যান্ড্রু কুয়োমোর ব্যক্তিগত জীবনের জন্য শুভকামনা জানাই। তবে আজ রাত হোক সেই শেষ রাত, যখন আমি তার নাম উচ্চারণ করছি, কারণ আমরা এখন এমন এক রাজনীতির অধ্যায় শুরু করছি যা অল্প কয়েকজনের নয়, সবার জন্য।”
তার বক্তব্য শেষে ব্যাকগ্রাউন্ডে বাজতে শুরু করে বলিউডের জনপ্রিয় গান ‘ধুম মচালে’। মুহূর্তেই উচ্ছ্বাসে ভরে ওঠে পুরো স্থান।
মঞ্চে সেই সময় তার সঙ্গে ছিলেন স্ত্রী রামা দুওয়াজি ও মা, প্রখ্যাত ভারতীয় চলচ্চিত্র নির্মাতা মীরা নায়ার। বলিউডের তালে সেই বিজয়মঞ্চে তৈরি হয় উৎসবের এক রঙিন পরিবেশ।
মামদানির সঙ্গে বলিউডের সম্পর্ক অবশ্য নতুন নয়। এর আগে তার নির্বাচনী প্রোমো ভিডিওতেও তিনি পরিষ্কার হিন্দিতে কথা বলেছিলেন, আর ব্যাকগ্রাউন্ডে বাজছিল ‘ওম শান্তি ওম’ সিনেমার গান। এবার সেই সম্পর্ক যেন আরও গভীর হলো তার বিজয় মঞ্চেই।