টি-টোয়েন্টিতে ওয়েস্ট ইন্ডিজের কাছে হোয়াইটওয়াশ, তার আগে ওয়ানডে সিরিজে আফগানিস্তানের কাছে হোয়াইটওয়াশ— টানা ব্যর্থতায় সমালোচনার মুখে পড়ে বাংলাদেশ ক্রিকেট দল।
এর বড় অংশের দায় গিয়ে পড়ে দলের সহকারী কোচ মোহাম্মদ সালাউদ্দিনের ওপর। অবশেষে দায়িত্ব ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন দেশের এই অভিজ্ঞ কোচ।
বিশ্বস্ত সূত্রে জানা গেছে, আসন্ন আয়ারল্যান্ড সিরিজের পর আর জাতীয় দলের সঙ্গে থাকছেন না সালাউদ্দিন।
গত বছরের ৫ নভেম্বর বাংলাদেশ ক্রিকেট বোর্ডে (বিসিবি) যোগ দিয়েছিলেন তিনি। চুক্তি ছিল ২০২৭ সালের বিশ্বকাপ পর্যন্ত। তবে মাত্র এক বছর পূর্ণ হতেই ব্যক্তিগত কারণ দেখিয়ে পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন এই কোচ।
ক্রিকবাজ জানিয়েছে, সালাউদ্দিন ইতোমধ্যেই বিসিবিতে পদত্যাগপত্র জমা দিয়েছেন। বিষয়টি নিশ্চিত করে তিনি গণমাধ্যমকে সংক্ষেপে বলেন,
“হ্যাঁ, আমি পদত্যাগ করছি।”
ডেভিড হেম্প বিদায় নেওয়ার পর সালাউদ্দিন দলের ব্যাটিং ইউনিটের দায়িত্ব পালন করছিলেন। তবে সাম্প্রতিক ব্যর্থতার কারণে তিনি ব্যাপক সমালোচনার মুখে পড়েন।
তার পদত্যাগের পর বিসিবি মোহাম্মদ আশরাফুলকে আয়ারল্যান্ড সিরিজের জন্য জাতীয় দলের ব্যাটিং কোচ হিসেবে নিয়োগ দিয়েছে।
আয়ারল্যান্ড দল আগামী ৬ নভেম্বর বাংলাদেশে আসবে। সফরে দুটি টেস্ট ও তিনটি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে তারা।
-
প্রথম টেস্ট: সিলেট, ১১–১৫ নভেম্বর
-
দ্বিতীয় টেস্ট: ঢাকা, ১৯–২৩ নভেম্বর
-
টি-টোয়েন্টি সিরিজ: চট্টগ্রাম, ২৭ ও ২৯ নভেম্বর, শেষ ম্যাচ ২ ডিসেম্বর।