ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ২০২৪ সালের ১৫ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত সংঘটিত সহিংসতা ও বেআইনি কর্মকাণ্ডে জড়িত নিষিদ্ধ সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের ৩৮৫ জন কর্মীর তালিকা প্রকাশ করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
একই সঙ্গে তাদের কেন স্থায়ীভাবে বহিষ্কার করা হবে না, তা জানতে চেয়ে কারণ দর্শানোর নোটিশও দেওয়া হয়েছে।
তবে এ সিদ্ধান্তে ক্ষুব্ধ হয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সহযোগী অধ্যাপক সাইফুদ্দীন আহমদকে ফেসবুকে হুমকি দিয়েছেন ছাত্রলীগের গণযোগাযোগ ও উন্নয়নবিষয়ক সম্পাদক আরিফ ইশতিয়াক রাহুল।
নিজের ফেসবুক পোস্টে রাহুল লেখেন,
“মি. সাইফুদ্দীন, কারণ দর্শানো তো দূরের কথা, আপনার মতো অসভ্যের সঙ্গে বসে চা খেতেও রাজি হব না... নিজের আদর্শে অটল থাকার কারণে বিশ্ববিদ্যালয় ছাড়তে হলেও হাসতে হাসতে ছাড়ব।”
তিনি আরও লেখেন,
“জুলাইয়ে আমি কী কী সহিংসতা করেছি তার জবাব আপনার কাছে নেব। হয়তো আজ নয়, কিন্তু কোনো একদিন। ৫৬ হাজার বর্গমাইলের এক ইঞ্চি মাটিতেও আপনার ঠাঁই হবে না। পালানোর রাস্তা পাবেন না।”
প্রক্টর কার্যালয় সূত্রে জানা গেছে, বিশ্ববিদ্যালয় প্রশাসন বিষয়টি নজরে এনেছে এবং প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা চলছে।