বিএনপি ক্ষমতায় এলে দেশে ফিরবেন সাকিব আল হাসান? নতুন বিতর্কে ক্রিকেট তারকা

Date: 2025-11-05
news-banner

এক সময়ের বিশ্বসেরা ক্রিকেটার সাকিব আল হাসান সর্বশেষ জাতীয় নির্বাচনে মাগুরা-১ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন, আওয়ামী লীগের নৌকা প্রতীকে। তবে দেশে রাজনৈতিক অস্থিরতার কারণে তিনি বর্তমানে বিদেশে অবস্থান করছেন।

গত বছরের জুলাই-আগস্টে সরকারি চাকরিতে কোটা সংস্কার আন্দোলনের সময় দেশের রাজনৈতিক পরিস্থিতি তীব্র হয়ে ওঠে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ত্যাগ করার পর আওয়ামী লীগের নেতা-কর্মীরা নানা সমস্যায় পড়েন। সাকিবও সেই সময়ে বিপদের মুখে পড়েন। তাঁকে হত্যা মামলার আসামি করা হয়, যার কারণে গ্রেফতার এড়াতে তিনি দেশের বাইরে থাকছেন।

এই কারণে গত ১৩ মাস ধরে জাতীয় দলের বাইরে রয়েছেন সাকিব। তিনি বিদেশের বিভিন্ন টি-টোয়েন্টি ফ্র্যাঞ্চাইজি লিগে খেললেও জাতীয় দলের হয়ে খেলতে পারছেন না।

আগামী ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা। রাজনৈতিক বিশ্লেষকরা ধারণা করছেন, বিএনপি সরকার ক্ষমতায় আসতে পারে। এ অবস্থায় সাকিবের দেশে ফেরার প্রশ্ন নতুন করে উঠেছে।

বিএনপির ক্রীড়া বিষয়ক সম্পাদক ও ঢাকা-১৬ আসনের মনোনীত সংসদ সদস্য প্রার্থী আমিনুল হক বলেন,

“যেহেতু সাকিবের বিরুদ্ধে রাষ্ট্রীয়ভাবে মামলা হয়েছে, সেটা অবৈধ সরকারের একজন এমপি হওয়ায় হয়েছে। দেশের মানুষ যে ভাবে স্বৈরাচার সরকারের বিরুদ্ধে ক্ষিপ্ত হয়েছে, তার দায়ভার ৩০০ জন এমপিকেই নিতে হবে। তবে এটার সিদ্ধান্ত রাষ্ট্র নেবে।”

তিনি আরও বলেন,

“একজন সাবেক জাতীয় ফুটবলারের মতো আমি রাজনৈতিকভাবে যে পরিস্থিতির মুখোমুখি হয়েছি, সেই ধরনের নির্যাতন খেলোয়াড়দের ওপর কখনোই চাই না। গণতান্ত্রিক অধিকার থাকা সত্ত্বেও ভিন্নমতের কারণে জুলুম বা নির্যাতন করা ঠিক নয়।”

Leave Your Comments