ভাঙ্গা–কুয়াকাটা ৪-লেন সড়ক প্রকল্পে জমি অধিগ্রহণ শুরু

Date: 2025-11-05
news-banner

আবু জাফর বিশ্বাস, বরিশালঃ দক্ষিণাঞ্চলের মানুষের দীর্ঘদিনের প্রত্যাশা পূরণের পথে আরও এক ধাপ এগিয়ে গেল সরকার। ভাঙ্গা–বরিশাল–পটুয়াখালী–কুয়াকাটা পর্যন্ত সড়ককে চার লেনে উন্নীত করার বৃহৎ প্রকল্পের আওতায় জমি অধিগ্রহণ কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে।

বরিশাল জেলা প্রশাসকের কার্যালয়ের ভূমি অধিগ্রহণ শাখা থেকে প্রকাশিত বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সড়ক ও জনপথ (সওজ) বিভাগের উদ্যোগে বাবুগঞ্জ উপজেলার দেহেরগতি, রহমতপুর ও মাধবপাশা ইউনিয়নের বিভিন্ন মৌজায় মোট ৪০ দশমিক ৭৫ একর জমি অধিগ্রহণের প্রস্তাব গৃহীত হয়েছে। জমির মালিকদের দ্রুত প্রয়োজনীয় কাগজপত্রসহ দাবির আবেদন দাখিলের আহ্বান জানানো হয়েছে।

জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, মাঠপর্যায়ে জরিপ কাজ শেষ হয়েছে এবং শিগগিরই ক্ষতিপূরণ প্রদানের প্রক্রিয়া শুরু হবে। এই বিষয়ে বিজ্ঞপ্তি জারি করেছেন বরিশালের ভূমি অধিগ্রহণ কর্মকর্তা সমাপ্তি রায়।

বাবুগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারুক আহমেদ বলেন, “জমি অধিগ্রহণের নোটিশ উপজেলা অফিসে সাঁটানো হয়েছে। নোটিশ বোর্ডে জমির দাগ ও খতিয়ান নম্বর দেওয়া হয়েছে, যাতে মালিকরা সহজেই নিজেদের জমি শনাক্ত করে আবেদন করতে পারেন। পুরো প্রক্রিয়াটি স্বচ্ছ ও জনবান্ধবভাবে সম্পন্ন করার চেষ্টা চলছে।

তিনি আরও বলেন, “ভাঙ্গা–কুয়াকাটা মহাসড়ক চার লেনে উন্নীত হলে এ অঞ্চলের যোগাযোগব্যবস্থা হবে আরও গতিশীল এবং দক্ষিণাঞ্চলের অর্থনৈতিক কর্মকাণ্ডে আসবে ব্যাপক গতি।

সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. নাজমুল ইসলাম বলেন, “ভাঙ্গা থেকে কুয়াকাটা পর্যন্ত মহাসড়কটি চার লেনে উন্নীত করার কাজ দ্রুতই শুরু হবে। প্রকল্পটি বাস্তবায়িত হলে দক্ষিণাঞ্চলের যোগাযোগ ব্যবস্থায় আমূল পরিবর্তন আসবে। ঢাকা থেকে বরিশাল ও উপকূলীয় জেলাগুলোর যাতায়াত সময় উল্লেখযোগ্যভাবে কমে যাবে এবং সড়ক দুর্ঘটনার হারও হ্রাস পাবে।

উল্লেখ্য, বরিশাল–ফরিদপুর ও বরিশাল–পটুয়াখালী মহাসড়ক দক্ষিণাঞ্চলের ১১ জেলার মূল যোগাযোগ পথ। পদ্মা সেতু ও সংযুক্ত এক্সপ্রেসওয়ে চালুর পর এসব সড়কে যানবাহনের চাপ কয়েকগুণ বেড়ে গেছে। ফলে দুর্ঘটনা ও যানজট বেড়ে যাওয়ায় মহাসড়কটি চার লেনে উন্নীত করার এই প্রকল্পকে সময়োপযোগী পদক্ষেপ হিসেবে দেখছেন বিশেষজ্ঞ ও সাধারণ মানুষ।

দক্ষিণাঞ্চলের মানুষ আশাবাদী—এই প্রকল্প বাস্তবায়িত হলে অবশেষে তারা পদ্মা সেতুর প্রকৃত সুফল ভোগ করতে পারবে।

Leave Your Comments