ঢালিউডের জনপ্রিয় দুই তারকা আরিফিন শুভ ও বিদ্যা সিনহা মিম আবারও একসঙ্গে পর্দায় ফিরছেন। চার বছর পর নতুন সিনেমায় জুটি বেঁধে বর্তমানে গোপনে শুটিং করছেন তারা। ‘সাপলুডু’ সিনেমার পর এই প্রথম আবার একত্রে কাজ করছেন এই জুটি।
জানা গেছে, শুটিং পুরোদমে চলছে রাজশাহীর পবা ও নাটোর অঞ্চলে। তবে ছবির নাম বা গল্প নিয়ে এখনই মুখ খুলতে চান না পরিচালক সাইফ চন্দনসহ পুরো টিম। একটি সূত্র জানিয়েছে, ছবির সম্ভাব্য নাম ‘মালিক’ অথবা ‘শিকার’, তবে এখনও চূড়ান্ত হয়নি।
সিনেমার চরিত্রে নিজেকে নতুন করে গড়ে তুলতে দেড় মাস ধরে বিশেষ প্রশিক্ষণ নিয়েছেন বিদ্যা সিনহা মিম। মার্শাল আর্ট, অ্যাকশন কোরিওগ্রাফি, বডি ল্যাঙ্গুয়েজসহ বিভিন্ন প্রস্তুতি নিয়েছেন তিনি। একইভাবে কঠোর পরিশ্রম করেছেন অভিনেতা আরিফিন শুভও।
গল্পটি অ্যাকশন ঘরানার, যেখানে শুভ ও মিমকে দেখা যাবে সম্পূর্ণ নতুন লুকে। ছবির জন্য দুজনই নিয়েছেন কঠোর ডায়েট ও ফিটনেস ট্রেনিং। ডিসেম্বরেই একটি আইটেম গানের শুটিং হবে বিদেশে, এরপর শেষ হবে বাকি কাজ। নির্মাতার পরিকল্পনা—আগামী ঈদুল ফিতরেই ছবিটি মুক্তি দেওয়া।
এর আগে পরিচালক সাইফ চন্দনের সর্বশেষ সিনেমা ‘লোকাল’ মুক্তি পেয়েছিল। এবার প্রথমবার একত্রে কাজ করছেন শুভ–মিমকে নিয়ে। চলচ্চিত্রের নাম ও বিস্তারিত প্রসঙ্গে তিনি বলেন—
“এখনই কিছু বলতে চাই না, সময় হলে জানাব।”
বর্তমানে শুভ ব্যস্ত বেশ কয়েকটি বড় প্রকল্প নিয়ে। মুক্তির অপেক্ষায় আছে রায়হান রাফীর ‘নূর’, আর আন্তর্জাতিক অঙ্গনে হিন্দি সিরিজ ‘জ্যাজ সিটি’তে অভিনয় করেছেন তিনি। অন্যদিকে, ‘দিগন্তে ফুলের আগুন’ এর শুটিং শেষ করে আবারও বড় পর্দায় ফিরছেন মিম।